রংপুরে ট্রাকের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু
শিক্ষার্থী ও চিকিৎসকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

ট্রাকের ধাক্কায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক, পথচারী ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
১৫ সেপ্টেম্বর সাইকেল চালানোর সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ইসতিয়াক তাহসিন শহরের আর কে রোডের সার্জি হোমের সামনে ট্রাকের ধাক্কায় আহত হন। তাঁকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। গতকাল রাত সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি শহরের পুলিশ ট্রেনিং সেন্টারের পাশে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গতকাল রাত পৌনে ১১টার দিকে শহরের মেডিকেল মোড়ে শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকেরা সংঘবদ্ধ হয়ে সড়কে চলাচলকারী বেশকিছু ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পাঁচটি শর্টগানের ফাঁকা গুলি ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ জন আহত হন।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, হঠাত্ করেই চড়াও হয়ে পুলিশ হাসপাতালের চত্বরে ঢুকে তাঁদের মারধর করেছে।
রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বলেন, পুলিশ অনুমতি না নিয়ে মেডিকেল চত্বরে ঢুকেছে। মানবিক কারণে শিক্ষার্থী ও চিকিত্সকেরা আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ বিষয়টি বুঝতে পেরেও পাল্টা তাঁদের ওপর চড়াও হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়া হয়। মেডিকেল কলেজের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।