শিক্ষার্থী ও জনসাধারণের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই আস্তে, পড়ে গেলাম’ বলতে বলতেই স্কুলব্যাগ কাঁধে এক শিক্ষার্থী রিকশা থেকে পড়ে কাদায় মেখে ওঠে। পরে কোনো রকমে কাদা ধুয়ে আধভেজা পোশাকেই তড়িঘড়ি করে শ্রেণীকক্ষে গিয়ে বসে।গত বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ডেন্ডাবর-বটতলা সড়কে এই বেহালদশায় পড়ে রাজধানীর উপকণ্ঠ আমিন মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী উর্মী আক্তার। শুধু উর্মীই নয়, সড়টিতে চলাচল করতে গিয়ে ওই বিদ্যালয়ের আরও শিক্ষার্থীসহ এলাকার অনেকেই এ ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে প্রতিনিয়ত। অনেকে আঘাতও পাচ্ছে মাঝেমধ্যে। এর পরও সড়কটির উন্নয়নে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।প্রথম আলোর সঙ্গে আলাপকালে উর্মী বলে, ‘কত কষ্ট করে যে স্কুলে আসি, তা বলে বোঝানো যাবে না। আর রিকশা থেকে পড়ে কতবার যে ব্যথা পেয়েছি, তা-ও হিসাব করে বলা মুসকিল।স্থানীয় ব্যক্তিরা জানান, নবীনগর-কালিয়াকৈর সড়কের ডেন্ডাবর এলাকা থেকে সাভার সেনানিবাস ঘেঁষে বটতলা পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের প্রায় দুই কিলোমিটর অংশ পাকা করা হয় ২০০৪ সালে। বাকি অংশে বিছানো হয় ইট। এরপর সড়কটির আর উন্নয়ন করা হয়নি। সংস্কার না করায় কার্পেট, খোয়া আর ইট উঠে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই সব গর্তে বৃষ্টির পানি জমে কাদা পানিতে একাকার হয়ে গেছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার কবীর হোসেনসহ আরও অনেকেই জানান, গত তিন বছরে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ সড়কটি উন্নয়নে দফায় দফায় প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন নেই। তাঁরা জানান, ভাঙা সড়কটিতে পায়ে হেঁটেই চলাচল করা যায় না। রিকশা ও ভ্যান চালাতে হয় ঠেলে ঠেলে। আর যানবাহন চলাচল তো প্রায় বন্ধই হয়ে গেছে। আমিন মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মুনসুর আলী মিয়া জানান, লক্ষাধিক পোশাকশ্রমিক আর তাঁর প্রতিষ্ঠানের হাজার খানেক শিক্ষার্থীসহ প্রায় দুই লাখ লোকের একমাত্র ভরসা এই ডেন্ডাবর-বটতলা সড়ক। দীর্ঘদিন উন্নয়ন না করায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।পূর্ব ডেন্ডবরের ব্যবসায়ী মো. আবদুল্লাহ জানান, ভাঙা সড়কের কারণে তাঁদের পণ্য পরিবহনে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয়। ছোট ট্রাক ও রিকশাভ্যানের চালকেরা রাজি না হওয়ায় দোকানের মালামাল আনতে হয় কুলি দিয়ে। এতে খরচ বেশি পড়ে যায়। সাভার উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান গত তিন বছরে সড়কটিতে উন্নয়নমূলক কোনো কাজ না হওয়ার কথা স্বীকার করে বলেন, সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা অব্যাহত আছে।