নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ এ সময় শর্টগান থেকে ৩৫টি গুলিবর্ষণ করে। সংঘর্ষে পুলিশের চার কর্মকর্তা, ছয় কনস্টেবল, কলেজের শিক্ষার্থী ও পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে দরজা, জানালা এবং বাইরে চৌমুহনী-মাইজদী সড়কে চার-পাঁচটি যানবাহনে হামলা-ভাঙচুর চালায়। এ সময় সড়কের দুই দিকে আটকে পড়া যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়ে। সংঘর্ষে আহত পুলিশ ও অন্য ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সকাল সাড়ে সাতটা থেকে পাঠদান শুরু হয়। কিন্তু প্রায়ই দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী দেরিতে ক্লাসে আসে। এ কারণে ১৬ সেপ্টেম্বর অধ্যক্ষ বিভিন্ন ক্লাসের ৩০-৩৫ জন শিক্ষার্থীকে দেরিতে আসায় এবং নির্ধারিত পোশাক না পরায় ক্যাম্পাসে ও ক্লাসে ঢুকতে দেননি।এরপর ওই ছাত্ররা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি জানায় এবং অধ্যক্ষের বিরুদ্ধে গালমন্দের অভিযোগ করেন। পরে ইউএনওর হস্তক্ষেপে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ও শ্রেণীকক্ষে ঢোকার সুযোগ পায়। বিষয়টি নিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় ক্লাস শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বৈঠকের কথা ছিল। কিন্তু সোয়া ১২টার দিকে ক্যাম্পাস থেকে শতাধিক শিক্ষার্থী বের হয়ে গিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।এ সময় শিক্ষার্থীরা কলেজের সামনের চৌমুহনী-মাইজদী সড়ক অবরোধ করে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এক ঘণ্টার বেশি সময় বুঝিয়েও শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে ব্যর্থ হয় পুলিশ। পরে দেড়টার দিকে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে ফটক আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা ভেতর থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপর শুরু হয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ। একপর্যায়ে পার্শ্ববর্তী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী এসে টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটার পাশাপাশি শর্টগানের ৩৫টি গুলি ছোড়ে। অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ প্রথম আলোকে জানান, কিছুসংখ্যক শিক্ষার্থী প্রায়ই নির্ধারিত পোশাক না পরে নিজেদের ইচ্ছামতো দেরি করে ক্লাসে আসে। তিনি মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। শিক্ষার্থীরা শৃঙ্খলা না মেনে তাঁর বিরুদ্ধে রাস্তায় গিয়ে স্লোগান দেয়, সড়ক অবরোধ এবং ক্যাম্পাসে ভাঙচুর চালায়। এ বিষয়ে সন্ধ্যায় শিক্ষক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম জানান, পুলিশ গিয়ে সড়ক থেকে ছাত্রদের সরিয়ে ক্যাম্পাসে ঢোকানোর পর তারা বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ এবং ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।