বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাসশ্রমিকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার আবারও সংঘর্ষ হয়েছে। কম ভাড়া দেওয়া নিয়ে এক ছাত্রীকে লাঞ্ছিত করার জের ধরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কর্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় বাসশ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ভাঙচুর করেন।
এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়ক এবং ভোলা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড ও শটগানের পাঁচটি গুলি ছোড়ে। বেলা তিনটায় পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ দেখিয়ে প্রক্টরিয়াল বডির পাঁচ সদস্য গতকাল পদত্যাগ করেছেন৷ তাঁরা হলেন মো. শফিউল আলম, মো. তানভীর কায়সার, দিল আফরোজ খানম, মো. আবদুল কাইয়ুম ও কানিজ ফাতেমা৷
বরিশাল-পটুয়াখালী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ জানান, সংঘর্ষে আহত বাসের দুই শ্রমিক ও কর্মকর্তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বাসচালকের অবস্থা গুরুতর।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলম বলেন, বাসমালিকদের সঙ্গে একাধিকবার বসে অর্ধেক ভাড়ায় শিক্ষার্থীদের পরিবহন করার সিদ্ধান্ত হয়। কিন্তু গতকাল সেই ভাড়া নিয়ে পুনরায় এক ছাত্রীকে লাঞ্ছিত করেন বাসশ্রমিকেরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদ হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি সাউন্ড গ্রেনেড ও শটগানের পাঁচটি গুলি ছোড়া হয়েছে৷