শিক্ষার্থী ও শিক্ষকের সামনে উত্তরপত্র পুনর্নিরীক্ষার নির্দেশ
চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মাইশা ফারজানার এসএসসি পরীক্ষায় গণিতের উত্তরপত্র তিন দিনের মধ্যে ওই শিক্ষার্থী ও স্কুলের প্রধান শিক্ষকের সামনে পুনর্নিরীক্ষার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওই ছাত্রীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই অন্তর্বর্তী আদেশ দেন। একই সঙ্গে ওই শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রকাশিত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে কেন ফল প্রকাশ করা হবে না, তা জানতে আদালত রুল দিয়েছেন।
আদালতে রিট আবেদনটির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষাসচিব, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ ছয় বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
১৩ মে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম নগরের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, এবারের এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের নৈর্ব্যক্তিক গ ও ঘ সেটের প্রশ্নপত্রের উত্তর মূল্যায়নের সময় ত্রুটির কারণে সঠিক ফল আসেনি। এতে অনেক মেধাবী শিক্ষার্থী গণিতে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে। এ জন্য তারা গণিতের ফল পুনর্নিরীক্ষণের দাবিতে ১২ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে এই প্রতিবেদন যুক্ত করে গত রোববার হাইকোর্টে রিট আবেদনটি করে মাইশা।