শিক্ষার্থী গাইবান্ধার, পরীক্ষা রংপুর ও দিনাজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে পরীক্ষাকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে। কাছাকাছি কেন্দ্র থাকার পরও পরীক্ষার্থীদের পাঠানো হয়েছে দূরের কেন্দ্রে। গতকাল রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। পরীক্ষার্থী নেই, এমন একটি কলেজকেও কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে।গাইবান্ধার দুটি কলেজের পরীক্ষার্থীদের রংপুর ও দিনাজপুর এবং রংপুর ও দিনাজপুরের দুটি কলেজের পরীক্ষার্থীদের গাইবান্ধা কেন্দ্রে পাঠানো হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, কামদিয়া নূরুল হক ডিগ্রি কলেজ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত। কিন্তু স্বাধীনতার পর এ প্রথম কলেজের পরীক্ষার্থীরা দিনাজপুরের ঘোড়াঘাট ডিগ্রি কলেজকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। কামদিয়া কলেজকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ঘোড়াঘাট আদর্শ কলেজের পরীক্ষার্থীরা। আর্দশ কলেজের কাছেই রয়েছে ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ ও ঘোড়াঘাট ডিগ্রি কলেজকেন্দ্র। নূরুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘ঘোড়াঘাটে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষা বোর্ডে কখনো আবেদন জানাইনি। তার পরও আমাদের কলেজকে ঘোড়াঘাটে দেওয়া হয়েছে। এ কারণে যোগাযোগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে।’কামদিয়া গ্রামের অভিভাবক সাজ্জাদ হোসেন জানান, কামদিয়া থেকে ঘোড়াঘাটে গিয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ বলেন, ‘শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আমাদের মতামত না নিয়েই আমার উপজেলার পরীক্ষার্থীদের পাশের জেলায় পাঠিয়ে দিয়েছেন। অথচ গোবিন্দগঞ্জ উপজেলাতেই পাঁচটি কেন্দ্র রয়েছে। এমনটা কেন হলো বুঝতে পারছি না।’সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট শাহ আজগর আলী কলেজের পরীক্ষার্থীরা রংপুরের চতরা কলেজকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। চতরা কলেজের পরীক্ষার্থীরা দিচ্ছে আজগর আলী কলেজকেন্দ্রে। অথচ ধাপেরহাটের কাছাকাছি সাদুল্যাপুর উপজেলা সদরে দুটি ও পলাশবাড়ি উপজেলা সদরে তিনটি কেন্দ্র রয়েছে। ধাপেরহাট গ্রামের অভিভাবক সোলায়মান আলী বলেন, ‘ধাপেরহাট থেকে চতরা যাওয়ার রাস্তা খুবই খারাপ। অথচ শাহ আজগর আলী কলেজকে রংপুরের চতরা কলেজকেন্দ্রের সঙ্গে পরীক্ষার্থী বিনিময় করা হয়েছে। জেলা পরিবর্তনের উদ্দেশ্য কী, আমরা জানি না।’আজগর আলী কলেজের অধ্যক্ষ আলেক উদ্দিন জানান, চতরা কলেজকেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষা বোর্ডে আবেদন জানানো হয়নি। এর পরও কর্তৃপক্ষ এ সিন্ধান্ত নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা সমস্যায় পড়েছেন। শুধু তাই নয়, সাদুল্যাপুর উপজেলা সদরে দুটি কেন্দ্র থাকলেও সাদুল্যাপুর ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের ১০ কিলোমিটার দূরে ইউনিয়ন পর্যায়ের নলডাঙ্গা কলেজকেন্দ্রে দেওয়া হয়েছে।সাদুল্যাপুর উপজেলার ইউএনও গোলাম মওলা জানান, স্থানীয় প্রশাসনের মতামত নিয়ে কেন্দ্রের পুনর্বিন্যাস করার কথা। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তা করেনি। কাছে কেন্দ্র থাকার পরও অন্য জেলায় পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজকেন্দ্রে পর্যাপ্ত আসন রয়েছে। কিন্তু গাইবান্ধা আর্দশ কলেজ ও তুলসীঘাট কলেজে কেন্দ্র দিয়ে ওই দুটি কলেজের পরীক্ষার্থী বিনিময় করা হয়েছে।জেলা প্রশাসন সূত্র জানায়, গত বছর জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্র ছিল। এবার আরও চারটি কেন্দ্র দেওয়া হয়েছে। এগুলো হলো: সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ মোহামঞ্চদ হোসেন সঞ্চৃতি স্কুল ও কলেজ, বেলকা ডিগ্রি কলেজ, সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট শাহ আজগর আলী কলেজ ও গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজ।সাদুল্যাপুর গার্লস কলেজকেন্দ্রের আওতাধীন কলেজ হিসেবে সাবেক তাজপুর মহিলা কলেজের নাম রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, এবার ওই কলেজে কোনো পরীক্ষার্থী নেই। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জর রহমান বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। সাধারণত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতামত নিয়ে কেন্দ্র স্থাপন করার কথা। এবার তা করা হয়েছে কি না, তা আমি জানি না। তবে যোগাযোগের সুবিধার জন্য এক জেলার কলেজে অন্য জেলার পরীক্ষা নেওয়া হবে। বিশেষ সুবিধা নিয়ে এসব কেন্দ্র দেওয়া হয়েছে কি না, সেটা আমার জানা নেই।’