সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে গত শুক্রবার রাতে চার ছাত্র আহত হয়েছেন। এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র অভিলাষ সরকার কয়েকজন বন্ধুর সঙ্গে শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন নয়াবাজার এলাকার ‘শিল্প ও বাণিজ্য মেলায়’ গিয়ে মেলার আয়োজকদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই ছাত্রদের মারধর করা হয়। এ সময় ছুরিকাহত হন অভিলাষ। তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত অপর তিন ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছাত্রদের ওপর হামলার খবর পেয়ে আবাসিক হলগুলোর শতাধিক ছাত্র ক্ষুব্ধ হয়ে মেলায় গিয়ে ভাঙচুর চালান। এ সময় তাঁদের সঙ্গে গ্রামবাসীর কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। তখন কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া যায়। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ শেষে রাত পৌনে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
তবে হামলার সূত্রপাত নিয়ে গ্রামবাসী ও শিক্ষার্থীদের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। ছাত্রদের দাবি, মেলা চলাকালে
উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে আশপাশে বসবাসকারী শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছিল। তাই আওয়াজ কমিয়ে মাইক বাজাতে মেলার আয়োজকদের অনুরোধ করা হয়েছিল। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে মেলার আয়োজক ও গ্রামবাসী সম্মিলিত হামলা চালায়।
অন্যদিকে মেলার আয়োজকদের দাবি, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বিনা টিকিটে মেলায় ঢুকতে চাইলে আয়োজকেরা বাধা দেন। তখন ছাত্ররা আয়োজকদের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে উপাচার্য বরাবর প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। প্রক্টর হিমাদ্রী শেখর রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।