শিক্ষার্থী চাহিদার ভিত্তিতে আসন বণ্টন হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী ও বাজার চাহিদার অনুপাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর আসন নির্ধারিত হয় না। ফলে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা বাড়ানো হলেও কার্যত শিক্ষার্থীরা এর কোনো সুফল পাচ্ছেন না।
প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, যেসব বিভাগ থেকে শিক্ষার্থী চলে যান সেসব বিভাগেই আসনসংখ্যা বেশি। আর যেসব বিভাগে শিক্ষার্থীদের আগ্রহ বেশি সেগুলোতে ভর্তি করা হয় কম।
যেসব বিভাগের চাহিদা কম, তার আসনসংখ্যা কমিয়ে চাকরির বাজারসংশ্লিষ্ট বিষয়গুলোতে আসনসংখ্যা বাড়ানো সময়ের দাবি বলে মনে করেন শিক্ষাবিদেরা। তাঁরা বলেন, এতে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবেন, তেমনি দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি হবে।
প্রতিবছর তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু আরও ভালো বিষয়ে পড়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার কারণে প্রতিবছর দুই শতাধিক আসন ফাঁকা পড়ে থাকে।
কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, কলা অনুষদের অন্তর্ভুক্ত ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, উর্দু, ভাষাবিজ্ঞান, বিশ্বধর্ম ও সংস্কৃতি, সংস্কৃত—এসব বিভাগ থেকে শিক্ষার্থীদের একটি বড় অংশ চলে যান। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে চলে যাওয়া ২২১ শিক্ষার্থীর মধ্যে এ সাতটি বিভাগেরই রয়েছেন ১৪৪ জন।
অথচ এসব বিভাগেই আসনসংখ্যা ৯০ থেকে ১৮৫টি। একই সূত্রে জানা যায়, বিভাগ পরিবর্তন করে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে যেসব বিষয়ে শিক্ষার্থীরা এসেছেন সেগুলোর আসনসংখ্যা ১৫ থেকে ৭০টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিভাগগুলোই প্রধানত আসনসংখ্যা নির্ধারণ করে। যেসব বিভাগে আসন বেশি, সে বিভাগগুলো অনেক পুরোনো। এসব বিভাগের শিক্ষকসংখ্যা, অবকাঠামোসহ সব সুযোগ-সুবিধা বিবেচনা করেই আসন নির্ধারিত হয়।
সূত্র জানায়, গত বছর ভর্তি পরীক্ষায় যেখানে প্রতি আসনে ২৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন, সেখান থেকে ২২১ জন শিক্ষার্থী আসন ফাঁকা করে দিয়ে চলে গেছেন। এর আগের বছরও ২৩২ এবং তারও আগে ২৩১টি আসন শুধু পুনঃ ভর্তির কারণে ফাঁকা হয়েছে। ওই সাতটি বিভাগ থেকেই গত তিন বছরে ৩৬৫ জন শিক্ষার্থী আসন ফাঁকা করে চলে গেছেন, যা অর্ধেকের চেয়েও বেশি। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, যেসব বিভাগ থেকে শিক্ষার্থীরা চলে যান সেগুলোতে আসনসংখ্যা কমিয়ে আনা উচিত। সম্ভব হলে একই ধরনের বিভাগগুলোকে একত্র করে একটি আলাদা বিভাগ চালু করা যেতে পারে। এর ফলে আপাতদৃষ্টিতে আসনসংখ্যা বাড়ানোর বিষয়টি কমে আসবে।