শিক্ষার্থী ঝরে পড়া রোধে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কালিদাস কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ সমাবেশ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয়টি যৌথভাবে ওই সমাবেশের আয়োজন করে। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়।

সাংসদ বলেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও ক্লাসে উপস্থিতি বাড়াতে অভিভাবকদের সচেতন হতে হবে। আর এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব বেশি।

সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, স্থানীয় বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক হোসেন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বক্তব্য দেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক হোসেন আলী বলেন, সমাবেশে তিন শতাধিক মা উপস্থিত ছিলেন। সমাবেশে আলোচনাকালে যৌন হয়রানি, বাল্যবিবাহ, মাদকসহ সমাজের অবক্ষয় রোধে মায়েদের ভূমিকার বিষয় অধিক গুরুত্ব পায়।