শিক্ষার্থী দেড় শতাধিক শিক্ষক নেই আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী আছে দেড় শতাধিক, শিক্ষক নেই একজনও। ক্লাস নেন পাশের বাড়ির কলেজছাত্র শুকুর আলী। মাঝেমধ্যে একা না পারলে তাঁকে সহযোগিতা করেন তাঁর ছোট ভাই মুকুল হোসেন। গত আট মাস তাঁরা এভাবে প্রতিষ্ঠানটি টিকিয়ে রেখেছেন। এভাবেই চলছে ঝিনাইদহ সদর উপজেলা বাগুটিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ঠিকমতো পাঠদানের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।কর্তৃপক্ষ বলছে, শিক্ষক-সংকটের কারণে মোজাম্মেল হক নামের একজন শিক্ষককে পাশের স্কুল থেকে প্রেষণে এখানে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাঁকে এ প্রতিষ্ঠানে থাকার কথা। কিন্তু তিনি প্রতিষ্ঠানে না গিয়ে হাজিরা খাতা বাড়িতে রেখে সই করেন।গ্রামবাসী জানান, শেষ দুজন শিক্ষক অবসরে যাওয়ার আগেই নতুন দুজন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু নিয়োগ নিয়ে দুই পক্ষের বিরোধের কারণে সেটা শেষ হয়নি। এ কারণে দুজন শিক্ষক অবসরে যাওয়ায় বিদ্যালয়টি শিক্ষকশূন্য হয়ে যায়। গত ২৫ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, একটি কক্ষে ক্লাস নিচ্ছেন শুকুর আলী, অন্য কক্ষে তাঁর ভাই মুকুল হোসেন। আরেকটিতে ছেলেমেয়েরা চিৎকার-চেঁচামেচি করছে। শুকুর আলী জানান, কর্তৃপক্ষ কাগজে-কলমে পাশের আড়মুখ কুঠিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোজাম্মেল হককে প্রেষণে এখানে আনলেও তিনি আসেন না। জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন পরিদর্শনে এসে ওই শিক্ষককে পাননি। শুকুর আলী জানান, তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজে সম্মান প্রথম বর্ষের ছাত্র। তাঁর ভাই মুকুল হোসেন নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজের প্রথম বর্ষের ছাত্র।স্থানীয় ব্যক্তিরা জানান, এই গ্রামে আর কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। পাশের আড়মুখ, বানিয়াবহু, শালকুপায় তিনটি বিদ্যালয় আছে, কিন্তু সেগুলো দুই কিলোমিটার দূরে। এ অবস্থায় ওই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে ছেলেমেয়েরা দূরে গিয়ে ক্লাস করতে চাইবে না।জেলা শিক্ষা কর্মকর্তার আসার খবর পেয়ে পরের দিন ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয়ে আসেন মোজাম্মেল হক। তিনি জানান, গত বছরের ১৯ জুলাই তিনি এখানে যোগদান করেন। ওই সময় তিনি জানিয়েছেন, এভাবে তাঁর গ্রামের বিদ্যালয় রেখে তাঁকে এখানে দেওয়া ঠিক হচ্ছে না। এর পরও কর্তৃপক্ষের কথায় তিনি যোগ দিয়েছেন। তিনি জানান, একজন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। শিক্ষকের সংখ্যা বাড়াতে তাঁকে সরিয়ে নিতে বলেন। কিন্তু কর্তৃপক্ষ কোনোটিই করেনি। তিনি জানান, নানা কাজে ব্যস্ত থাকায় ঠিকমতো বিদ্যালয়ে আসা সম্ভব হয় না। তাঁর ছুটি নেওয়া থাকে কি না, জানতে চাইলে তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি তাঁর ছুটি নেওয়া ছিল, বাকি দিন নেওয়া লাগেনি। হাজিরা খাতা বাসায় রাখা প্রসঙ্গে তিনি জানান, চুরি হতে পারে বলে বাসায় নিয়ে রেখেছেন। শিক্ষার্থীর হাজিরা খাতা স্কুলে থাকলেও সেটা চুরির কোনো ভয় নেই বলে দাবি করেন তিনি।এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, নিয়োগসংক্রান্ত জটিলতায় শিক্ষক-সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একজনকে প্রেষণে দেওয়া হয়েছে। তিনিও বিদ্যালয়ে যান না, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দ্রুত ওই প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে।