শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা কারণে বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়ে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মোস্তফার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আবদুল্লাহ খান (২৩) নামের এক শিক্ষার্থী বাদী হয়ে এ মামলা করেন।

বাদীর আইনজীবী মানবেন্দ্র বিশ্বাস বলেন, নেত্রকোনা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী আবদুল্লাহ খান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের সহসম্পাদক। তাঁর বাবা মাছুদ হাসান খান পৌর শহরের কাটলি এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১১ জুলাই দুপুরে আবদুল্লাহ খান ও তাঁর কয়েকজন বন্ধু সদর উপজেলা পরিষদের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নেত্রকোনা মডেল থানার এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য এসে তাঁদের ঘেরাও করে ফেলে। এরপর প্রথমে গালিগালাজ ও পরে তাঁদের লাঠি দিয়ে পেটানো হয়।

পরে আবদুল্লাহ খান, নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র অমিয় রহমান, স্নাতক শ্রেণির রিমি কায়সার ও আরিফ নামের চারজনকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে অমিয় স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খানের ছেলে। থানা হেফাজতে আবদুল্লাহ ও অমিয়র কাছে এসআই মহসিন মোস্তফা ২০ হাজার টাকা দাবি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন ওই এসআই।

কিন্তু আটক ব্যক্তিরা টাকা দিতে রাজি না হওয়ায় এসআই মহসিন মোস্তফা তাঁদের আবার পেটান। এতে তাঁরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। কোনো মামলা না থাকায় ওই দিন রাত ১০টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আজ সোমবার ওই এসআইয়ের বিরুদ্ধে মামলা করা হয়।

বাদী আবদুল্লাহ খান প্রথম আলোকে বলেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘটনার পরদিনই তাঁরা থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মামলা নেননি। এরপর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আজ সোমবার আদালতে মামলা করেছেন।

তবে, মামলা না নেওয়ার কথা অস্বীকার করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান। তিনি বলেন, ‘আমি মামলার বিষয়ে কিছু জানি না।’

এ বিষয়ে এসআই মহসিন মোস্তফার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, মহসিনকে জেলা গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) বদলি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ছাত্রদের মারপিটের বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। এ ব্যাপারে আমার কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কেউ অভিযোগ দেয়নি। মামলার বিষয়টি আমি জানি না। এখনো কোনো কাগজ পাইনি।’