শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া জয়হরি স্পাই সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আমিনুল ইসলামের ওপর শারীরিক নির্যাতন চালানোর সেই ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে গত রোববার নেত্রকোনা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়কে এ নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া স্থানীয় উপজেলা প্রশাসনও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনার তদন্ত করে এ-সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। বিদ্যালয়সহ একাধিক সূত্র জানায়, শিক্ষার্থী নির্যাতনের এ ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনার দিন রাতেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ ঘটনার সঙ্গে জড়িত সহকারী শিক্ষক জুলফিকার হোসেন ছাড়াও অপর কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে ওই ছাত্রের বাড়িতে যান। এ সময় তাঁরা সহকর্মীর হাতে শিক্ষার্থী নির্যাতনের এ ঘটনার জন্য নির্যাতিত ছাত্র আমিনুল ইসলামকে সান্ত্বনা দেন এবং অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার তদন্তের নির্দেশসংক্রান্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, সরেজমিন শিক্ষার্থী নির্যাতনের এ ঘটনার সুষ্ঠু ও নিরপক্ষে তদন্ত করে শিগগির এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠানো হবে।উল্লেখ্য, গত রোববার প্রথম আলোয় ‘শাস্তি কাকে বলে শেখালেন শিক্ষক!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।