শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। গতকাল রোববার সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই দাবি জানান।
ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য দেন তুহিন রায়হান, রুবেল আহমেদ, নাইমুর লিখন, তুষার কান্তি, সানজিদা রহমান, লিথুন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখনো অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থী নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাসহ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পূর্ণেন্দু বিশ্বাস বলেন, নির্যাতনের ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ থানায়। তবে নির্যাতনের শিকার শিক্ষার্থীরা বাদী হলে বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা অনুষদের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আলী আদনান, শাওন কুমার বাইন, শিবাজি মণ্ডল, ইরতেজা ও মোশতাক হাসান পার্শ্ববর্তী বাকেরগঞ্জের পায়রা নদীতে বেড়াতে গিয়ে বিকেলে ফেরার পথে ১০-১২ জন দুর্বৃত্ত তাঁদের নির্যাতন করে সাতটি মুঠোফোন ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।
দীর্ঘ পাঁচ ঘণ্টা পর খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা শিক্ষার্থীদের ছেড়ে পালিয়ে যায়। পরদিন বুধবার ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে দুমকি-বাউফল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।