শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ, ভাঙচুর
সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ওই কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা কয়েকটি যানবাহনও ভাঙচুর করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গতকাল বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় মেছের আলী খান মেমোরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্র রিফাত আহম্মেদ (১৭)। কলেজটি উপজেলার বরাব এলাকায়। টমটমে চড়ে কলেজে যাচ্ছিল রিফাত। পথে দ্রুতগামী একটি ট্রাক ওই টমটমকে ধাক্কা দিলে তা উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় রিফাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টার দিকে কলেজটির শতাধিক শিক্ষার্থী মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। তারা সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি যানবাহনও ভাঙচুর করে।
শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ চলাকালে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে ওই এলাকার দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
এ নিয়ে দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবির শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বৈঠক করেন। শিক্ষার্থীরা বৈঠকে বলেন, সড়কে টমটম চলাচলের কারণে সব ধরনের দুর্ঘটনা ঘটে। সাইফুল কবির শিক্ষার্থীদের সড়কে আর টমটম চলতে না দেওয়ার আশ্বাস দেন। এ আশ্বাসের পর বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
জানতে চাইলে সাইফুল কবির প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালককে গতকালই আটক করা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা করার পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।