শিক্ষার্থী নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিতে হবে না। এটা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি পে-স্কেল নিয়ে কথা বলেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। ভ্যাট নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী এ কথা বললেন।
শেখ হাসিনা বলেন, ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিতে হবে না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে। তারা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে যে এটা তারা দেবে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক শর্ত আছে। ধানমন্ডি, গুলশানে একটা ভবনে তিনটা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের বেতনের সুনির্দিষ্ট হিসাব নিকাশ নেই।
প্রধানমন্ত্রী সরকারের মেয়াদের আগামী তিন বছর সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়নমূলক কাজ করার জন্য সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি যা করি, সততার সঙ্গে করি। সততাই আমার শক্তি। সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করি বলেই বিশ্বব্যাংক নিয়ে কথা বলি, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেকের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি সাংসদদের বলেন, সরকারের আর তিন বছর বাকি আছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। উন্নয়নমূলক কাজগুলো দ্রুত শেষ করেন।
বেতন কমিশন নিয়ে অসন্তোষকারীদের সমালোচনা প্রধানমন্ত্রীর
জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সর্বোচ্চ এক শ’এক ভাগের মতো বেতন বাড়িয়েছি। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার তা দিতে পারেনি। এত বেতন বাড়ানোর পরও কেউ কেউ অসন্তোষ প্রকাশ করছেন। তাহলে এর সমাধানের পথ কী? বেতন কমিশন বন্ধ করে দেওয়া? অথবা বেতন বৃদ্ধি অর্ধেকে নামিয়ে আনা? তিনি বলেন, প্রতিবছর নির্দিষ্ট হারে বেতন বাড়বে। এখানে কারও কোনো ক্ষতি হবে না।
জনগণের আস্থা-বিশ্বাস থাকলে দেশকে আরও এগিয়ে নেব
শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নিচ্ছি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। আজ যে বাংলাদেশ এত সম্মান পাচ্ছে তা দেশের আর্থ সামাজিক উন্নয়নের কারণে। এই সম্মান দেশের জনগণের প্রাপ্য। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই অর্থনৈতিক উন্নতি করতে পারছি। বাংলাদেশ পরমুখাপেক্ষী থাকতে পারে না। জনগণের আস্থা বিশ্বাস অব্যাহত থাকলে দেশকে আরও এগিয়ে নিতে পারব।
শেখ হাসিনা বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে বলেন, দেশে পাঁচ কোটি বেকার-এটা ঠিক নয়। আমরা এক কোটি লোকের চাকরি দিয়েছি। কর্মসংস্থানের যথেষ্ট সংস্থান করা হয়েছে। ময়মনসিংহ বিভাগ করার কথা উল্লেখ করে তিনি বলেন, দুইটি জেলায় ময়মনসিংহ বিভাগের সঙ্গে যেতে চায় না। এখন চারটি জেলা নিয়েই বিভাগ হবে।
বিরোধী দলীয় নেতার বক্তব্য খণ্ডন করে শেখ হাসিনা বলেন, বন্যা আক্রান্ত সবগুলো জেলায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আশ্রয়ণ কেন্দ্রে কেই আসতে চায় না। আর নারী নির্যাতন ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধানমন্ডি ও গুলশানের লেক ভরাট করে বাড়ি-ঘর করা হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হয়, এটা করেছেন বিরোধী দলীয় নেতার স্বামী। কারণ তিনি দীর্ঘময় ক্ষমতায় ছিলেন। তা ছাড়া জিয়া ও খালেদা জিয়ার সময়ও লেক ভরাট করা হয়েছে। আমরা মাঝখানে ভরাট ঠেকাতে চেষ্টা করেছি। তিনি বলেন, কুড়িল ফ্লাইওভারের দুই পাশে লেকে ভূমি খেকোরা বাধা দিচ্ছে। কারণ তাদেরও টাকার জোর আছে। তবে এটা করা হবে। এখানে লেক না থাকলে গুলশান, ক্যান্টনমেন্টসহ বড় এলাকা জলাবদ্ধতা দেখা দেবে।
সংসদে এখন খিস্তি খেউড় নেই
জাতীয় সংসদে বিরোধী দলের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করছে। এখন খিস্তি খেউড় নেই। এটা সত্যিকারের সংসদীয় গণতন্ত্র। তিনি বলেন, যারা বিরোধী দল নেই বলেন, তাদের হয়তো পরচর্চা, গালাগাল শুনতে ভালো লাগে। এটা না শুনলে মনে হয় তাদের মন ভরে না।
এর আগে সংসদেও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, আমরা সহযোগিতায় বিরোধী দল নই। আমরা জনগণের সহযোগিতা করি। আমরা বাজেট পাশের সময় সংসদে থাকি, যা আগে কখনো হয়নি। আমরা প্রত্যক নির্বাচনে অংশ নেই। তিনি বলেন, আগে সংসদে স্বাধীনতার ঘোষক কে তা নিয়ে দিনের পর দিন বিতর্ক হয়েছে। এখন সে বিতর্ক নেই। জাতির পিতা বঙ্গবন্ধুর কথা আমি আগে সংসদে বলেছি।
প্রধানমন্ত্রী বক্তব্য শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংসদের সপ্তম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ভাষণ পড়ে শোনান।