শিক্ষার্থী পেটাচ্ছেই ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীরা হলেন ইসলামিক স্ট্যাডিস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল মুহিত ও ইমরান হোসেন। এঁদের মধ্যে মুহিতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতা সুদীপ্ত সালাম ওই দুই ছাত্রকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
গত শুক্রবার থেকে আজ পর্যন্ত গত তিন দিনে চার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের হাতে মার খেলেন। শুক্রবার মাদার বকশ হলে আবদুল হান্নানকে মেরে পা ভেঙে দিয়েছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর পরদিন শনিবার শাহ মখদুম আবাসিক হলে শরিফুল ইসলাম নামের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমবিএর এক শিক্ষার্থীকে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে।
আহত ইমরান হোসেন অভিযোগ করেন, ‘আমি ও মুহিত দুজনের বাড়ি ঝিনাইদহ জেলায়। সুদীপ্ত সালামের বাড়িও একই জেলায়। কয়েক দিন থেকে সালাম আমাদের দেখা করতে বলছিল। আজ বিকেলে সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু হলের ২৩০ নম্বর কক্ষে গেলে সে আমাদের দুজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। তা দিতে অস্বীকার করায় আমাদের শিবির আখ্যা দিয়ে পুলিশে দেবে বলে হুমকি দেয়। এরপর টাকা দেব না জানিয়ে দিলে সালামের নেতৃত্ব ছাত্রলীগ নেতা-কর্মীরা আমাদের বেধড়ক মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। প্রায় দেড় ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।’
এ ব্যাপারে মোবাইল ফোনে মারধরের কথা স্বীকার করে ছাত্রলীগের নেতা সুদীপ্ত সালাম প্রথম আলোকে বলেন, ‘বিকেলে ঘুম থেকে উঠে দেখি কক্ষে দুজন ছেলে আমার সঙ্গে পরিচিত হতে এসেছে। তাদের কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ ও মোবাইল খতিয়ে দেখি। তাদের মোবাইল ফোনে ছাত্রশিবিরের কয়েকজন নেতার খুদে বার্তা পাই। তাই চড়-থাপ্পড় দিয়ে পুলিশে দিয়েছি।’
চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে সুদীপ্ত সালাম বলেন, ‘আমি তাদের চিনিই না। চাঁদা দাবির কোনো প্রশ্নই আসে না।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, কয়েকজন শিক্ষার্থী দুজন শিক্ষার্থীকে মারধর করেছেন। পুলিশ তাঁদের চিকিত্সা কেন্দ্রে ভর্তি করিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে হল কর্তৃপক্ষকে তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’