শিক্ষার্থী বাড়লেও সুযোগ-সুবিধা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ছয় বছরে স্নাতকে আসন বেড়েছে সাড়ে তিন গুণ। কিন্তু সে তুলনায় অবকাঠামো, গবেষণাগারসহ শিক্ষার উপকরণ বাড়েনি। বাড়েনি আবাসিক সুবিধাও।
১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টিতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে এখন মোট শিক্ষার্থী প্রায় ৯ হাজার ২০০। ২০১০ সালে স্নাতকে ৬২৯ জন শিক্ষার্থী ভর্তি হন। এই বছর প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
বর্তমানে ছাত্র ও ছাত্রীদের জন্য তিনটি করে আবাসিক হল রয়েছে। কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বলেন, আবাসন-সংকটের কারণে প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থীকে মেস বা বাসা ভাড়া করে থাকতে হয়। তবে ছাত্রদের জন্য নতুন একটি হল হচ্ছে।
হলগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই। শেখ রাসেল হলের দোতলায় একটি কক্ষে গিয়ে দেখা গেল, একজন ছাত্র রান্না করছেন। কায়সার আলী নামে ওই ছাত্র জানালেন, হলের ডাইনিং বন্ধ হয়ে আছে। তাই তাঁর মতো অন্যান্য কক্ষের ছাত্ররা রান্না করেন বা বাইরে খান।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক রুহুল আমীন ২০১২ সালের সেপ্টেম্বরে যোগ দিয়েছেন। সুযোগ-সুবিধার বিষয়ে প্রথম আলোকে তিনি বলেন, তাঁর সময়ে অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উন্নয়নকাজ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অনুষদের একজন অধ্যাপক বলেন, এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও যন্ত্রকৌশল, স্থাপত্যের মতো নতুন বিষয়গুলোতে গবেষণার ও শ্রেণিকক্ষের অভাব রয়েছে। লাইব্রেরিতেও পর্যাপ্ত বই নেই। এ ছাড়া কিছু বিভাগে গবেষণাগার চালানোর মতো প্রশিক্ষিত ‘টেকনিশিয়ান’ নেই।
এই বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে কৃষি রসায়নের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, এখনো প্রায় দেড় শ বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু দুর্বলতা অনেক। শিক্ষাক্রমও যুগোপযোগী নয়। ব্যবহারিক শিক্ষা কার্যক্রম প্রচুর হলেও পর্যাপ্ত প্রশিক্ষিত লোক নেই।
১৫ থেকে ২০ শতাংশ আসন খালি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে স্নাতকে (সম্মান) ৬২৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে রয়েছেন ৫১৬ জন। ২০১১ সালে ভর্তি হওয়া ৬৫১ জনের মধ্যে ৫৪৫ জন, ২০১২ সালে ৭১৯ জনের মধ্যে ৬০৯ জন এবং ২০১৩ সালে ১ হাজার ৬৯ জন ভর্তি হলেও রয়েছেন ৮২৯ জন। ২০১৪ সালে স্নাতকে ভর্তি হন ১ হাজার ৪৭৫ জন। কিন্তু প্রথম বর্ষের প্রথম সেমিস্টার শুরুর পর দেখা যায়, শিক্ষার্থী রয়েছেন ১ হাজার ১৭৭ জন। এর ফলে সেখানে প্রতিবছরই আসন খালি থাকছে।
এ বিষয়ে দায়িত্বশীল একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কিছু শিক্ষার্থী তাঁর কাঙ্ক্ষিত অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পেলে চলে যান। কিন্তু তাৎক্ষণিকভাবে ওই সব আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা সম্ভব হয় না। আবার ভর্তির সঙ্গে সঙ্গেই কে থাকলেন আর কে থাকলেন না, তার তথ্য পাওয়া যায় না।
এ সমস্যা নিরসনে তৃতীয় অপেক্ষমাণ তালিকা পর্যন্ত ভর্তির সুযোগ রাখার পরামর্শ দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ও কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার।