বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের ৫০ বছর পূর্তি হবে এ বছরের জুলাই মাসে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিসর। তার চেয়েও দ্রুত বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা। বাড়েনি শুধু সুযোগ-সুবিধা।
বিভিন্নসংকট-সমস্যার কথা স্বীকার করে অধ্যক্ষ শাইখ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সব কিছুর মধ্যে শিক্ষক ও শ্রেণিকক্ষ-সংকট এখন প্রকট। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষকের পদ বাড়েনি। বাড়েনি অবকাঠামো সুবিধা। প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর জন্য ৩০ জন শিক্ষকের পদ থাকলেও ১০টি পদই শূন্য। ২০ জনের মধ্যে ১ জন শিক্ষক ২ বছরের ছুটি নিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। শিক্ষক ছাড়াই চলছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। অথচ এ বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০। শিক্ষক নেই উদ্ভিদবিদ্যা বিভাগেও। মাত্র একজন করে শিক্ষক দিয়ে চলছে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, প্রাণিবিদ্যা, পদার্থবিদ্যা ও হিসাববিজ্ঞান বিভাগ। অর্ধশতাব্দীর পুরোনো এই কলেজে ছাত্রাবাস নেই। কষ্ট করে মেসে থেকে পড়াশোনা করতে হয় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের। শিক্ষকদেরও নেই কোনো আবাসিক সুবিধা। ফলে শহর থেকে আসা শিক্ষকেরা এখানে যোগদান করেই বদলির চেষ্টা-তদবির শুরু করে দেন।
সম্প্রতি কলেজটিতে গিয়ে দেখা যায়, শীতের সকালে শিক্ষার্থীদের আড্ডায় মুখরিত ক্যাম্পাস। কলেজের পারুল চত্বরে বসা উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সোহানুর রহমান বলে, ‘পুরোনো জরাজীর্ণ ভবন। সংস্কার নেই। পর্যাপ্ত বেঞ্চ নেই। গাদাগাদি করে বসতে হয়। টয়লেটের অবস্থা আরও শোচনীয়। ব্যবহার করা যায় না।’
শিক্ষক-শিক্ষার্থী এবং কলেজ প্রশাসনের সঙ্গে যুক্ত অন্তত ২৫ জনের সঙ্গে কথা বলে জানা যায়, কম্পিউটার ল্যাব থাকলেও নেই পর্যাপ্ত কম্পিউটার, বিজ্ঞানাগারে নেই পর্যাপ্ত ব্যবহারিক উপকরণ। শিক্ষক না থাকায় খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে কয়েকটি বিভাগ। আবার বেশির ভাগ বিভাগে একজন-দুজন শিক্ষক থাকায় উচ্চমাধ্যমিক বা স্নাতকে ক্লাস চললে বন্ধ থাকে সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক ও শ্রেণিকক্ষ-সংকটে ঠিকমতো ক্লাস হয় না। বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয়। প্রায় ৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকতে হয় তাঁদের। এ ছাড়া কলেজে ছাত্রাবাস এবং যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে এখানে পড়তে আসা শিক্ষার্থীদের প্রচণ্ড সমস্যার মধ্যে থাকতে হয়।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৬৭ সালে ১৯ বিঘা জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে ‘সোনাতলা কলেজ’ নাম ছিল এটির। শিক্ষানুরাগী ও দানবীর সৈয়দ নূরুল হুদা নিজের কবরের জন্য ১ শতক জায়গা রেখে তাঁর পৈতৃক বসতবাড়ির পুরোটাই কলেজের জন্য দান করে দেন। পরে তাঁর বাবা সৈয়দ নাজির আলী এবং মা আখতারুন্নেছার নামানুসারে শিক্ষাপ্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ‘সোনাতলা নাজির আখতার কলেজ’। ১৯৮৪ সালে কলেজটি সরকারি হয়। এখন উচ্চমাধ্যমিক ও স্নাতক ছাড়াও ৬টি বিষয়ে এখানে স্নাতক (সম্মান) পড়ানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বললেন, প্রায় ৩২ বছর আগে সরকারীকরণের সময় কলেজে শিক্ষার্থীর সংখ্যা কম ছিল। এখন শিক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ছয়টি বিষয়ে খোলা হয়েছে সম্মান কোর্স। অথচ সেই তুলনায় শিক্ষকদের সৃষ্ট পদ বাড়েনি। এখন শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ১:১৮৪। অথচ এনাম কমিশন ও ইউজিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ১:২০।
প্রশাসনিক কাজে যুক্ত একজন শিক্ষক বললেন, কলেজ প্রতিষ্ঠার পরপরই প্রায় ৫০ বছর আগে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। সেই ভবনের বহু জায়গায় ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে গেছে। ভবন ঝুঁকিপূর্ণ হলেও সেখানেই চালাতে হচ্ছে পাঠদান। স্থানীয় সাংসদ আবদুল মান্নানের প্রচেষ্টায় নতুন একটি ভবন নির্মাণ হলেও সেখানে শুধু সম্মান শ্রেণির পাঠদান চলছে। প্রতিবছর এ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিকে ৪৫০, স্নাতকে (সম্মান) ৬০০ এবং ডিগ্রি কোর্সে ১০০ জন শিক্ষার্থী ভর্তি হচ্ছে।
উপাধ্যক্ষ আবদুর রব নিশতার বলেন, কয়েকটি বিভাগ চলছে খণ্ডকালীন শিক্ষক দিয়ে। শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে প্রতিটি বিভাগে শিক্ষকের পর্যাপ্ত পদ সৃষ্টি করা দরকার।