শিক্ষার্থী ভর্তি চলতি শিক্ষাবর্ষেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজে চলতি ২০১১-১২ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এ বছর ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। কয়েক দিনের মধ্যে এ কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। গোপালগঞ্জের সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর শিক্ষা কার্যক্রম শুরুর সম্ভাব্যতা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি পরিদর্শক দল গত বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় পরিদর্শন করে। দলটি বিদ্যমান অবকাঠামোতেই চলতি বছর শিক্ষার্থী ভর্তিসহ কলেজের কার্যক্রম শুরুর পক্ষে মত দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। দেশের অন্যান্য মেডিকেল কলেজে চলতি বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলে অপেক্ষমাণ তালিকায় থাকা ৫০ জন শিক্ষার্থী এ কলেজে ভর্তির সুযোগ পাবে।