শিক্ষার্থী রুবেল হত্যা মামলায় এসি আকরামের খালাস বহাল
প্রায় ১৯ বছর আগে গোয়েন্দা পুলিশের হেফাজতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল হত্যা মামলায় ডিবি পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনের খালাসের রায় বহাল রয়েছে। তবে উপপরিদর্শক (এসআই) হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও হায়াতুলের আপিল খারিজ করে আজ মঙ্গলবার রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। এসি আকরামের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। আর হায়াতুলের পক্ষে মুনসুরুল চৌধুরী।
পরে মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, এসি আকরামের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষর আপিল খারিজ হয়েছে। অন্যদিকে, দণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে হায়াতুল ঠাকুরের আপিলও খারিজ হয়েছে।
এসি আকরামের ব্যাপারে রিভিউ আবেদন করা হবে কি না, জানতে চাইলে মোমতাজ উদ্দিন ফকির বলেন, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৯৯৮ সালের ২৩ জুলাই ডিবি হেফাজতে শিক্ষার্থী রুবেল নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০০২ সালের ১৭ জুন রায় দেন বিচারিক আদালত। তখন এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন ও মুকুলি বেগম নামের এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করে আসামিপক্ষ। এরপর হাইকোর্ট ১৩ আসামিকে খালাস দেন এবং হায়াতুলের যাবজ্জীবন বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে হায়াতুল ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে। গত সপ্তাহে ও আজ শুনানি নিয়ে আদালত আদেশ দেন।