
সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র ২৯ জন। দুটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে পর্যাপ্ত শিক্ষক ছাড়াই। অর্থনীতি বিষয়ের শিক্ষক নেই চার বছর ধরে। গত তিন বছর ইংরেজি ও দর্শন বিষয়ের শিক্ষকের পদও শূন্য। শিক্ষক ছাড়াই চলছে উদ্ভিদবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পাঠদান। ঘাটতি মেটাতে অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। ফলে এইচএসসিতে ফলাফল খারাপ হচ্ছে শিক্ষার্থীদের।
চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার ও উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে কানুনগোপাড়া গ্রামে স্যার আশুতোষ সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ সালে। ১৯৮৬ সালে এ কলেজটিকে জাতীয়করণ করা হয়। ১৯ দশমিক ৪৩ একর জায়গাজুড়ে অবস্থিত এ কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস কোর্স) ও দুটি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। তবে শিক্ষক-সংকটের কারণে ফলাফলে পিছিয়ে রয়েছে কলেজটি।
কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজে রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। নিয়ম অনুযায়ী এই দুটি বিষয়ে ৭ জন করে ১৪ জন শিক্ষক থাকার কথা। অথচ রাষ্ট্রবিজ্ঞানে দুজন প্রভাষক এবং হিসাববিজ্ঞানে দুজন প্রভাষক ও একজন সহকারী অধ্যাপক রয়েছেন। দুই বিভাগে ১৪ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৫ জন।
শিক্ষক-সংকটের কারণে কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে ১ হাজার ২৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে মাত্র ৬৬২ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৯ শতাংশ।
সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটক পার হয়ে সবুজ ঘাসে ভরা খেলার মাঠ। মাঝখানে সরু রাস্তার দুই পাশে বৃক্ষের সারি, তারপর কলেজের মূল ভবন। হাতের বাম পাশে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত দ্বিতল ভবন। ডানে কলেজের প্রশাসনিক ভবন। তার সামনে ফুলের বাগান সমৃদ্ধ ছোট্ট চত্বর। পরিত্যক্ত ঘোষিত হয়েছে কলেজের তিনটি ছাত্রাবাস। সীমানাপ্রাচীর না থাকায় এলাকার লোকজন কলেজের ভেতর দিয়ে অবাধে বিচরণ করেছে।
কলেজ কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, কলেজের রয়েছে ১৫ হাজার বই সমৃদ্ধ একটি বিশাল পাঠাগার। বর্তমানে অবকাঠামো বলতে রয়েছে পাঁচটি ভবন। তার মধ্যে ১৯৪৬ সালে স্থাপিত দ্বিতল ভবনটি গত পাঁচ বছর আগে প্রকৌশল অধিদপ্তর পরিত্যক্ত ঘোষণা করে। বাকি চারটি ভবনের একটি প্রশাসনিক ভবন। অন্য তিনটি একাডেমিক ভবনে চলে পাঠদান। ভবনগুলোও হয়ে পড়েছে জরাজীর্ণ।
কলেজের অধ্যক্ষ সাগর কান্তি দে সমস্যার বিষয়গুলো স্বীকার করে প্রথম আলোকে বলেন, অতিথি শিক্ষক দিয়ে কলেজে পাঠদান করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হতে হয়। বর্তমানে অতিথি শিক্ষক আছেন ১০ জন। শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। মানসম্মত পাঠদান করতে হলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে।