শিক্ষার্থী সাড়ে ৬ হাজার, আবাসন ৫১ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসনসংকটে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবস্থিত গৌরীপুর সরকারি কলেজের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থী সাড়ে ছয় হাজার হলেও এখানে মাত্র ৫১ জনের জন্য একটি ছাত্রাবাস আছে। ছাত্রীদের আবাসনের ব্যবস্থা নেই। ফলে একদিকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, অন্যদিকে পড়াশোনাও হচ্ছে ব্যাহত।

কলেজ কর্তৃপক্ষ আবাসনসংকট থাকার কথা স্বীকার করে জানায়, ছাত্র ও ছাত্রীদের জন্য একটি করে হোস্টেল নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন দেওয়া আছে। তবে কবে নাগাদ এগুলোর বাস্তবায়ন হবে, তা নিয়ে কোনো ধারণা করা যাচ্ছে না।

কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় গৌরীপুর কলেজ। ১৯৯১ সালে কলেজটি সরকারি করা হয়। গৌরীপুরের বাইরে থেকেও প্রতিবছর অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হন। বর্তমানে উচ্চমাধ্যমিক,¯স্নাতক (সম্মান ও পাস কোর্স) পর্যায়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন।

কলেজ সূত্রে আরও জানা যায়, এখানে প্রায় সাড়ে তিন হাজার ছাত্র রয়েছেন। এর মধ্যে কমপক্ষে ৫০০ জন গৌরীপুরের বাইরে থেকে ভর্তি হয়েছেন। ছাত্রদের জন্য এস আলী ও নুরুল আমিন খান নামে একটি ছাত্রাবাস আছে। এতে মাত্র ৫১ জন ছাত্র থাকছেন। বাকিরা গৌরীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় মেস করে থাকেন। 

শিক্ষার্থীরা জানান, মেসে থাকতে বেশি টাকা খরচ হলেও নেই কোনো নিরাপত্তা। নিজেদেরই বাজার ও রান্না করে খেতে হয়। এ ছাড়া কিছু মেসের মালিকেরা তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন।

কলেজ সূত্রে জানা গেছে, এখানে তিন হাজার ছাত্রী পড়াশোনা করেন। এর মধ্যে কমপক্ষে ৩০০ জন গৌরীপুরের বাইরে থেকে এসেছেন। ছাত্রীরা জানান, পৌর শহরের বালুয়াপাড়া, শান্তিবাগ, খেলারমাঠ, ছয়গগন্ডা, কলাবাগান, গোলকপুরসহ বিভিন্ন এলাকায় মেস করে বসবাস করেন। মেসগুলোতে নিরাপত্তার সংকট রয়েছে। প্রায়ই মুঠোফোনসহ প্রয়োজনীয় জিনিস চুরি হয়। অনেক বাড়িই জরাজীর্ণ। তিন বেলা খাবারের নিশ্চয়তা থাকে না। অনেক সময় নিজেদেরই রান্না করে খেতে হয়। এতে পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। 

গৌরীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের আবাসনসংকট আমাদের কলেজের এখন সবচেয়ে বড় সমস্যা। ছেলেরা যেনতেনভাবে থাকতে পারলেও মেসে থাকাটা মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ।’

 অধ্যক্ষ আরও বলেন, ‘আমরা অনেক আগেই ১০০ আসনের একটি ছাত্রী ও ১০০ আসনের একটি ছাত্রাবাসের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করে রেখেছি।’