শিক্ষার্থী ১২০০ শিক্ষক ২৫
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে চলছে শিক্ষকসংকট। দুই পালায় (দিবা ও প্রাত) এক হাজার ২০০ শিক্ষার্থীকে পাঠদানে হিমশিম খাচ্ছেন ২৫ জন শিক্ষক। অথচ এই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক আড়াই বছর ধরে অন্য তিনটি বিদ্যালয়ে প্রেষণে আছেন৷
গত বুধবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এক হাজারের বেশি শিক্ষার্থীর পাঠদান নিয়ে ব্যস্ত শিক্ষকেরা৷ দশম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম বলল, অঙ্ক ও ইংরেজি বিষয়ে লেখাপড়ায় সমস্যা হচ্ছে৷ কারণ, দুজন শিক্ষক দুই পালায় একাধিক ক্লাস নিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন।
সূত্র জানায়, বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ রয়েছে ৪৯টি৷ এর মধ্যে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি ও প্রেষণে রয়েছেন ১২ জন শিক্ষক। এখন ২৫ জন শিক্ষক দিয়ে চলছে দুই পালার পাঠদান৷
প্রেষণে থাকা পাঁচ শিক্ষকের মধ্যে অঞ্জনা বড়ুয়া ও জান্নাতুন আকতার চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে, রোকসানা আফরোজ ও ফয়জাতুন্নেছা চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এবং সজল কান্তি দাশ কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কর্মরত৷ ২০১১ সালের নভেম্বরে সহকারী শিক্ষক হিসেবে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে যোগদান করে কয়েক মাসের মাথায় তাঁরা প্রেষণে বদলি হন।
সজল কান্তি দাশ বলেন, ‘শিক্ষক নেই বলে ডিডি স্যার (উপপরিচালক) আমাকে কুতুবদিয়া পাঠিয়েছেন। শুরুর দিকে চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। কাজ হয়নি। এখন স্থায়ীভাবে এই বিদ্যালয়ে থেকে যাওয়ার চেষ্টা করছি।’
অঞ্জনা বড়ুয়া বলেন, ‘আমার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। কক্সবাজারে থাকার সমস্যা হচ্ছিল বলে চট্টগ্রামে বদিলর জন্য ডিডি স্যারকে আবেদন করেছিলাম। তিনি বদলির পরিবর্তে প্রেষণে চট্টগ্রামে চাকরির সুযোগ করে দিয়েছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন বলেন, প্রেষণে থাকা পাঁচ শিক্ষকের বদলে শিক্ষক নিয়োগ ও অতিরিক্ত আরও ২৪ জন শিক্ষক নিয়োগের দািব জানিয়ে সম্প্রতি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো সাড়া মেলেনি৷
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আজিজ উদ্দিন বলেন, শূন্যপদে শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত প্রেষণে আনা পাঁচ শিক্ষককে ওই বিদ্যালয়ে ফেরত পাঠানো সম্ভব নয়।