শিক্ষার্থী ১৫ হাজার শ্রেণীকক্ষ ১২টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সরকারি কলেজের প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ আছে মাত্র ১২টি। বাধ্য হয়ে শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসে কিংবা দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে।এমনিতেই কক্ষের সংকট, তার ওপর ভূমিকম্পে ফাটল দেখা দেওয়ায় একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ কারণে সংকট আরও প্রকট হয়েছে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের মোট চারটি ভবন রয়েছে। এর মধ্যে তিনটি তিনতলা ও একটি দোতলা ভবন। কয়েক মাস আগে ভূমিকম্পে ১৯৭৭ সালে নির্মাণ করা কলেজের একটি তিনতলা ভবনের নিচতলার পিলারে ফাটল দেখা দেয়। এর পরও বাধ্য হয়ে সেখানে পাঠদান করা হয় এবং পাঠাগারের কার্যক্রম পরিচালিত হয়। এভাবে এক মাস চলার পর গত ফেব্রুয়ারি মাসে শিক্ষা ও প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করে পরিত্যক্ত ঘোষণা করেন। অথচ ১৯৬৪ সালে নির্মিত তিনতলা অপর ভবনটি অক্ষত আছে।শিক্ষা ও প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রওশন আলী বলেন, তিনতলা ভবনটির নিচতলার পিলারে ফাটল দেখা দেওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নির্মাণে কিছুটা ত্রুটি ছিল। তবে ক্ষতিগ্রস্ত পিলারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ও প্রকৌশল বিভাগ এটি নির্মাণ করেনি। নির্মাণ করেছে কলেজ কর্তৃপক্ষ।কলেজ সূত্রে জানা গেছে, চারটি ভবনে মোট শ্রেণীকক্ষ আছে ১৯টি। এর মধ্যে পরিত্যক্ত ভবনে শ্রেণীকক্ষ রয়েছে সাতটি। বর্তমানে ১২টি কক্ষে পাঠদান চলছে। অথচ এমনিতেই ১২টি সম্মান শ্রেণীর চারটি বর্ষের শিক্ষার্থীদের জন্য ৩২টি কক্ষ, স্নাতকের তিনটি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ১০টি কক্ষসহ প্রতিদিন ক্লাস নিতে ৪৫টি কক্ষের প্রয়োজন।শিক্ষার্থীরা জানান, খোলা মাঠেও ক্লাস নেওয়া হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, লাইব্রেরি ভবনটি বন্ধ রয়েছে। এতে করে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। অর্থনীতির শিক্ষার্থী রেজাউল ইসলাম বলেন, লাইব্রেরির বই অন্য কোনো স্থানে সরিয়ে যে পাঠদান করা হবে, এরও কোনো উপায় নেই।ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জয়নাল আবেদীন বলেন, ল্যাবরেটরি কক্ষগুলো সংকুচিত করে ঠাসাঠাসি করে সেখানে ক্লাস নেওয়া হয়। এতেও সব শিক্ষার্থীর স্থান হয় না।অধ্যক্ষ সুভাষ চন্দ্র বর্মণ বলেন, ‘একটি ভবন পরিত্যক্ত হওয়ায় বিপদে পড়েছি। কক্ষের অভাবে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হচ্ছে সাইকেলের গ্যারেজে। সেমিনার ও বিজ্ঞানাগারের কক্ষ সংকুচিত করে সেখানেও চলছে পাঠদান। লাইব্রেরির কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে পাঠদানে ব্যাপক অসুবিধা হচ্ছে।