শিক্ষার্থী ২৯১ শিক্ষক একজন
বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা ২৯১। আর শিক্ষক মাত্র একজন। ওই শিক্ষককেই দৌড়ে দৌড়ে ক্লাস নেওয়ার পাশাপাশি সব ধরনের দাপ্তরিক কাজও করতে হয়। অবস্থা এতটাই খারাপ যে অনেক সময় ক্লাসও বন্ধ রাখতে হয়। এতে ওই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এ বিদ্যালয়টির নাম পিয়ারাখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি পাবনার ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকায়।খোঁঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৪ সালে বিদ্যালয়টি পদ্মা কিন্ডারগার্টেন নামে যাত্রা শুরু করে। ১৯৯০ সালে এটিকে এলাকাবাসীর উদ্যোগে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিবন্ধন করা হয়। বর্তমানে এখানে শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে। বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মোট শিক্ষকের পদের সংখ্যা চারটি। এর মধ্যে সহকারী শিক্ষক এ এ কে এম সাইফুর রহমান গত বছর চাকরি ছেড়ে দিয়েছেন। শিক্ষিকা হাসিনা বানু মারা গেছেন ২০০৯ সালে। প্রধান শিক্ষিকা সখিনা বানু গত বছর ২৯ অক্টোবর চাকরি থেকে অবসরে যান। এখন আইনুন নাহার নামের একজন নারী-শিক্ষক আছেন। তিনি একাই ক্লাস নেন ও সব ধরনের দাপ্তরিক কাজ করেন। শিক্ষার্থীরা জানায়, শিক্ষক না থাকায় প্রতিদিন তাদের দু-একটি ক্লাস হয় না।আইনুন নাহার জানান, তিনজন শিক্ষকের কাজ এখন তাঁকে একা করতে হচ্ছে। শিক্ষক দেওয়ার জন্য শিক্ষা অফিসে বেশ কয়েকবার বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) সাজ্জাদ জাহিদ জানান, ওই বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি তিনি জেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের জানিয়েছেন।