শিক্ষার্থী ৩৪ হাজার, আবাসন ১২০০ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্রাবাসগুলোর অবস্থা বেহাল। এর মাঝেই ছাত্ররা দিনের পর দিন কষ্ট করে পড়াশোনা করছেন l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্রাবাসগুলোর অবস্থা বেহাল। এর মাঝেই ছাত্ররা দিনের পর দিন কষ্ট করে পড়াশোনা করছেন l ছবি: প্রথম আলো

একদিকে আবাসিক হলগুলোতে আসনের সংকট, অন্যদিকে ভাড়া বাড়িতে মালিকপক্ষের বাড়াবাড়ি—সব মিলিয়ে অনেকটাই আবাসন-নিরাপত্তাহীনতায় ভুগছেন ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের কয়েক হাজার শিক্ষার্থী।
হলগুলোতে একেকটি কক্ষে চারজন করে থাকার নিয়ম থাকলেও বেশির ভাগ কক্ষে ছয় থেকে সাতজন শিক্ষার্থী থাকেন। এতে তাঁদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই অবস্থা মেসগুলোতেও। সেখানে অতিরিক্ত ভাড়ার পাশাপাশি পানি ও বিদ্যুতের ব্যবহার নিয়ে সব সময়ই মালিকপক্ষের সঙ্গে বচসা লেগে থাকে শিক্ষার্থীদের।
স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ৩৪ হাজার শিক্ষার্থী আছেন প্রতিষ্ঠানটিতে। কিন্তু বিপুলসংখ্যক এই শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র পাঁচটি। ছেলেদের জন্য তিনটি হলে মোট ধারণক্ষমতা মাত্র ৫০০, আর মেয়েদের দুটি হলে ৪০০। তবে হলগুলোতে বৈধভাবেই ধারণক্ষমতার চেয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী বেশি থাকেন। অর্থাৎ হল পাঁচটিতে ১ হাজার ২০০ শিক্ষার্থী বসবাসের ব্যবস্থা আছে।
কলেজ সূত্র জানায়, প্রতিবছর হলে আসন পেতে গড়ে ৫ হাজার শিক্ষার্থী আবেদন করলেও ৯০০ আসনের বিপরীতে ১ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য আসন বরাদ্দ দেওয়া হয়। আসনসংকটের কারণে বেশির ভাগ শিক্ষার্থীই আবেদন করেন না।
কাজী নজরুল ইসলাম হল, জসীমউদ্দীন হল, সুকান্ত হল ও শহীদজননী জাহানারা ইমাম হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বলেন, একটি কক্ষে চারজন করে থাকার নিয়ম থাকলেও বেশির ভাগ কক্ষে ছয় থেকে সাতজন শিক্ষার্থী থাকেন। শৌচাগার ও গোসলখানায় চাপ লেগেই থাকে।
সুকান্ত হলের শিক্ষার্থীরা জানান, হিন্দুধর্মাবলম্বী ছেলেদের জন্য বরাদ্দ এই হলের অবস্থা করুণ। এক শ বছরের বেশি আগে নির্মিত এই হলের প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কক্ষগুলোর দেয়াল স্যাঁতসেঁতে হয়ে যায়। আর ভারী বৃষ্টিতে হলের সামনের মাঠ উপচে কক্ষের ভেতরে ঢোকে পানি। তখন ভোগান্তির শেষ থাকে না।
হল পরিচালনা কমিটির আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষ গাজী হাসান কামাল বলেন, হলটি ব্রিটিশ আমলের। এটি ভেঙে নতুন করে করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
শিক্ষার্থীদের আবাসন-সংকটের বিষয়ে উপাধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের আবাসন-সংকট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে মেয়েদের জন্য ৪০০ আসনবিশিষ্ট আরও দুটি হলের নির্মাণকাজ শুরু হয়েছে। ছেলেদের জন্যও আমরা হল দাবি করেছি।’
একাধিক সূত্রে জানা গেছে, হলে আসন না পেয়ে হাজার হাজার শিক্ষার্থী পাশের গুলকিবাড়ি, সানকিপাড়া, কলেজ রোড, একাডেমি রোড, গোলাপজান রোড, মসজিদ রোড, হামিদউদ্দিন রোডসহ বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মেস করে থাকেন। এসব বাড়ির ভাড়া ময়মনসিংহ শহরের অন্যান্য এলাকার চেয়ে প্রায় দ্বিগুণ। ভাড়া বেশি হওয়ায় মেসের ছোট একটি কক্ষে তিন থেকে চারজন থাকতে হয়। এ ছাড়া বাড়ির মালিকদের নিয়মের কড়াকড়ির কারণে বেশির ভাগ মেসে নানা ভোগান্তি পোহাতে হয়। মালিকের কড়াকড়ি না মানলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অনেক মেসে পানি ও বিদ্যুৎ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন মালিক।
হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী শুভ পাল বলেন, ‘মাঝেমধ্যে এমনও হয়, ৩ তারিখের মধ্যে ভাড়া দিতে না পারলে অনেক বাড়ির মালিক গালমন্দ করেন।’
কলেজ রোড, হামিদউদ্দিন রোড ও গুলকিবাড়ি এলাকায় বসবাস করা কয়েকজন ছাত্রী বলেন, সন্ধ্যার সঙ্গে সঙ্গে বাড়ির ফটক বন্ধ করে দেওয়া হয়। ফটকের চাবি শুধু মালিকপক্ষের কাছে থাকে। জরুরি প্রয়োজনেও সন্ধ্যার পর মেস থেকে বের হওয়া যায় না। এ কারণে অনেকেই মাঝেমধ্যে সন্ধ্যার আগে প্রাইভেট পড়া বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত রেখে মেসে ফিরে আসেন।
নাম প্রকাশ না করে গুলকিবাড়ি এলাকার এক ছাত্রী বলেন, তাঁর মেসে দীর্ঘক্ষণ ধরে ফ্যান চললে মালিকপক্ষের লোক এসে সেটি বন্ধ করে দিয়ে যায়। একটি ল্যাপটপ ব্যবহারের জন্য মাসে ১০০ টাকা দিতে হয়। বিকল্প না থাকায় তাঁদের বাধ্য হয়ে মেসে থাকতে হয়।
এসব বিষয়ে গুলকিবাড়ি ও কলেজ রোডের তিনটি বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সাংবাদিক পরিচয় পেয়ে কোনো কথা বলতে রাজি হননি।
কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ‘বাড়ির মালিকদের এ রকম বাড়াবাড়ির কথা প্রায়ই শুনি। এখানে আমিও নিরুপায়। বিপুলসংখ্যক শিক্ষার্থীর আবাসন-সংকট নিরসন করাও কঠিন কাজ। তবে মেয়েদের জন্য দুটি হল নির্মাণাধীন। ছেলে ও মেয়েদের জন্য আরও হল বাড়িয়ে সংকট নিরসনের জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’