শিক্ষার্থী ৩৭ হাজার, শিক্ষক ১৬২ জন, ক্লাস হয় তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের প্রশাসনিক ভবনের সামনে বসে গত শনিবার সকাল ১০টায় দুজন শিক্ষার্থী গল্প করছিলেন। তাঁদের একজন মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র বখতিয়ার ওয়াদুদ। কথা প্রসঙ্গে বললেন, ‘ক্লাস হবে না, তাই গল্প করছি।’
‘কেন ক্লাস হবে না’—এমন প্রশ্নের উত্তরে বখতিয়ার বললেন, তাঁর বিভাগে শিক্ষক মাত্র দুজন, শ্রেণিকক্ষ একটি। তাঁদের ক্লাস হয় সপ্তাহে তিন দিন। তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। তাই এখন আর কোনো ক্লাস হচ্ছে না।
শ্রেণিকক্ষ বা শিক্ষকস্বল্পতা শুধু মার্কেটিং বিভাগের সমস্যা নয়, সব বিভাগেই রয়েছে। গত শনিবার ১০ জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ৭৭ বছরের পুরোনো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই কলেজে শিক্ষক, শ্রেণিকক্ষ ও আবাসন সমস্যা তীব্র। বছরের প্রায় ছয় মাস শ্রেণিকক্ষগুলো বিভিন্ন বিভাগের নানা ধরনের পরীক্ষায় ব্যবহৃত হয়। বছরে গড়ে তিন মাস নানা ধরনের ছুটি থাকে। সব মিলিয়ে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পান মাত্র তিন মাস।
বগুড়া কলেজ নামে ১৯৩৯ সালের ৩ জুলাই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ওই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আজিজুল হক বগুড়ায় আসেন এবং কলেজটি অনুমোদন করে কলকাতা বিশ্ববিদ্যালয়। তখন তাঁর নামে কলেজটির নামকরণ হয়। সরকারি হয় ১৯৬৮ সালের ১৫ এপ্রিল।
বগুড়া ছাড়াও দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, নাটোরসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা এই কলেজে পড়েন। কলেজ কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বর্তমানে ২৩টি বিষয়ে স্নাতক (সম্মান), স্নাতক (পাস), স্নাতকোত্তর ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা পড়েন এখানে। এর সংখ্যা ৩৭ হাজার ৪৮৭ জন। কলেজে ১৮৪টি পদের বিপরীতে কর্মরত শিক্ষক আছেন ১৬২ জন। অর্থাৎ গড়ে ২৩১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র একজন।
অথচ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর গড় অনুপাত ১:১৯। এ ছাড়া আশির দশকে করা এনাম কমিটির সুপারিশ অনুযায়ী যেসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণি আছে, সেগুলোতে প্রতি বিভাগে ১২ জন করে শিক্ষক থাকার কথা। কিন্তু এই কলেজে এ সংখ্যা সাত।
কলেজের অন্তত ১০ জন শিক্ষক প্রথম আলোকে বলেন, শ্রেণিকক্ষ ও শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের ভালোভাবে শেখানো যাচ্ছে না। ঠিকমতো ক্লাস না হওয়ায় অনেক শিক্ষার্থী প্রাইভেট পড়ায় ঝুঁকছেন। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, তিনি সকাল নয়টায়, বেলা একটায় এবং বেলা তিনটায় কলেজেরই তিন শিক্ষকের কাছে প্রাইভেট পড়েন। এ সময় সাদিয়ার পাশে দাঁড়ানো আরেকজন ছাত্র বলছিলেন, ‘পড়াশোনা না হলেও দৌড়িয়ে দৌড়িয়ে শুধু পরীক্ষাগুলো শেষ করা হচ্ছে।’
ফিন্যান্স বিভাগে গিয়ে দেখা যায়, একজন শিক্ষক বসে আছেন, আরেকজন খণ্ডকালীন শিক্ষক ক্লাস নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক বললেন, শ্রেণিকক্ষের অভাবে ক্লাস নিতে পারছেন না। এই বিভাগে শিক্ষার্থী প্রায় সাড়ে চার শ।
হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়েছেন প্রায় ৩০০ শিক্ষার্থী। তাঁদের সবাইকে একটি শ্রেণিকক্ষে ক্লাস করতে হয়। কিন্তু একসঙ্গে এত শিক্ষার্থীর বসার ব্যবস্থা নেই। প্রায় একই ধরনের চিত্র রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ভূগোল ও পরিবেশ, ইতিহাস, ব্যবস্থাপনা, প্রাণিবিদ্যা ও রসায়ন বিভাগে।
ক্লাস হয় তিন মাস: গত শনিবার থেকে কলেজে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে, চলবে ২৩ মার্চ পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা। এই পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। কয়েকজন শিক্ষক জানালেন, এই সময়ে ক্লাস হবে না বললেই চলে। পরীক্ষার ফাঁকে ফাঁকে দু-একটি ক্লাস হবে। এভাবে বছরের ছয় মাসে অন্তত ১০টি বড় পরীক্ষা হয়। জানতে চাইলে কলেজের অধ্যক্ষ সামস্-উল-আলম বলেন, শুধু পরীক্ষার জন্য আলাদা বড় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা না করলে এ সমস্যা নিরসন সম্ভব নয়।
আবাসন ও পরিবহন-সংকট তীব্র: কলেজে শিক্ষার্থীদের জন্য পাঁচটি আবাসিক ছাত্রাবাস রয়েছে। শহীদ তিতুমীর ছাত্রাবাস, শহীদ আকতার আলী মুন ছাত্রাবাস ও শের-ই-বাংলা ছাত্রাবাস ২০০৯ সালের ডিসেম্বরে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের পর কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। আর খোলেনি।
তিনটি ছাত্রাবাস ঘুরে দেখা গেছে, সেখানে থাকার পরিবেশ নেই, জরাজীর্ণ অবস্থা। বেগম রোকেয়া ছাত্রীনিবাসে আসন ৩০০, বসবাস করেন প্রায় ৬০০ ছাত্রী। কলেজের অধ্যক্ষ সামস্-উল-আলম জানালেন, ছাত্রাবাসগুলো সংস্কারের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন।
আবাসন-সংকটের কারণে বাধ্য হয়েই শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা ‘মেসে’ থাকেন অধিকাংশ শিক্ষার্থী। মার্কেটিং বিভাগের একজন শিক্ষার্থী জানান, মেসে থাকা-খাওয়াসহ মাসে তাঁর গড়ে প্রায় তিন হাজার টাকা খরচ হয়।
শিক্ষার্থীরা বলছেন, আবাসনব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে তাঁদের যাতায়াত করতে হচ্ছে। কিন্তু যাতায়াতের জন্য মাত্র ছয়টি বাস রয়েছে, যা পর্যাপ্ত নয়। এ ছাড়া চিকিৎসার জন্য প্রতিবছর একেকজন শিক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা নেওয়া হলেও কলেজে কোনো চিকিৎসক নেই, চিকিৎসাকেন্দ্রও নেই।