শিক্ষার্থী ৪১ হাজার, পাঁচ ছাত্রাবাসের তিনটিই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসনব্যবস্থা নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। কলেজটিতে সাড়ে ৪১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ৬১২ শয্যার (সিট) পাঁচটি ছাত্রাবাস রয়েছে। এর মধ্যে তিনটি আড়াই বছর ধরে বন্ধ। এতে বেশি ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে ৩০০ শয্যার একমাত্র ছাত্রীনিবাসে গাদাগাদি করে আছেন ৬০০ ছাত্রী।কলেজ কার্যালয় সূত্রে জানা যায়, ৬৩ একর আয়তনের এই কলেজের দুটি ক্যাম্পাসে বর্তমানে চারটি অনুষদে ২৩টি বিষয়ে স্নাতক (সম্মান), ১৯টি বিষয়ে স্নাতকোত্তর, স্নাতক (পাস) কোর্স ও উচ্চমাধ্যমিক চালু রয়েছে।উচ্চমাধ্যমিক পাসের পর অনেক প্রত্যাশা নিয়ে গাইবান্ধা থেকে পড়তে উত্তরবঙ্গের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে এসেছিলেন সানজিদা বিনতে রহমান। ভর্তি হন স্নাতক (সমঞ্চান) শ্রেণীতে। ওঠেন কলেজের একমাত্র ছাত্রীনিবাস বেগম রোকেয়া হলে। এখানে থাকতে গিয়ে সেরা কলেজে পড়ার প্রত্যাশায় ছেদ পড়ে সানজিদার। শয্যা মেলে গণরুমে, যেখানে ২২টি শয্যার বিপরীতে ৪৪ জন ছাত্রী গাদাগাদি করে থাকেন। সারা দিন হই-হুল্লোড় লেগে থাকে। চেয়ার-টেবিল নেই। বিছানায় ঘুম, বিছানাতেই পড়া। কয়েকটি বিছানার ব্যবধানে হাতেগোনা কয়েকটি পাখা। বাতাস লাগে না। গরমে দমবন্ধ পরিবেশ। হলে ডাইনিং চালু নেই। ক্যানটিনের খাবার মুখে দেওয়া যায় না। টেলিভিশন নেই, নেই বিনোদনের ব্যবস্থা। হল নয়, ঠিক যেন একটা বন্দিশালা। হলে নির্ঘুম রাত কাটিয়ে সকালে ক্লাসে যেতে হয়। বাংলা বিভাগের ছাত্রী সানজিদার মতো এমন মন্তব্য হলের আরও অনেক ছাত্রীর।কলেজ সূত্রে জানা যায়, বর্তমানে এখানে ৪১ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের আবাসনের জন্য ছাত্রাবাস রয়েছে মাত্র পাঁচটি। এর মধ্যে শহীদ তিতুমীর হলে ৮০টি শয্যা, শহীদ আকতার আলী মুন হলে ৯৬, শের-ই-বাংলা হলে ৪০, ফকরুদ্দিন আহমেঞ্চদ হলে ৯৬ (শুধু উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য) এবং বেগম রোকেয়া হলে ৩০০টি শয্যার ব্যবস্থা রয়েছে। ২০০৯ সালের ডিসেম্বরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে হামলা ও ভাঙচুরের পর শের-ই-বাংলা, তিতুমীর ও আকতার আলী মুন হল ক্ষতিগ্রস্ত হয়। পরে ছাত্রাবাসগুলো বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন।তিতুমীর হলের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘হলে থাকলে যেখানে দুই হাজার টাকায় সারা বছর সিট ভাড়া লাগত, সেখানে মেসে বছরে ১৫-১৬ হাজার টাকা সিট ভাড়া লাগছে।’শের-ই-বাংলা হলের তত্ত্বাবধায়ক (সুপার) এ এস এম মাসুদুল হক বলেন, ‘বন্ধ হলের দরজা-জানালা খুলে নিয়ে গেছে চোরেরা। ছাত্র-সহিংসতায় চেয়ার-টেবিল, খাট সবই ভেঙে গেছে। তাই হল খুলে দেওয়ার আগে সংস্কার ও আসবাব দরকার।’২১ মে সকালে রোকেয়া হলে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ চারতলা ভবনের বেশ কিছু কক্ষের দরজা-জানালা ভাঙা। পশ্চিমপাশের টিনশেড ভবনে একটু বৃষ্টিতেই পানি চুইয়ে পড়ে ছাত্রীদের বিছানায়। প্রতিটি কক্ষে অপরিচ্ছন্ন, স্যাঁতসেঁতে পরিবেশ। প্রতি শয্যায় দুজন করে ছাত্রী থাকেন।‘এটা কোনো ছাত্রী হোস্টেল না, একটা জেলখানা। ডাইনিং বন্ধ। পানি গরম করার হিটার চালাতে দেওয়া হয় না। হোস্টেলে গ্যাসলাইন থাকলেও একটি ডিম সেদ্ধ বা ভাজতে গেলে দুই টাকা করে গ্যাস বিল দিতে হয়।’ বলছিলেন হলের আবাসিক ছাত্রী সিতারা বেগম।অভিযোগের সত্যতা স্বীকার করে রোকেয়া হলের মেট্রোন নাসরিন জাহান বলেন, ‘৩০০ সিটের এই হলে ছাত্রী থাকে ৬১০ জন। এখানে সমস্যার শেষ নেই।’আবাসন ছাড়াও কলেজটিতে রয়েছে পরিবহনসমস্যা। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাত্র চারটি বাস আছে। রয়েছে শিক্ষকস্বল্পতা ও শ্রেণীকক্ষসংকট। ক্যাম্পাসে নেই নিরাপত্তাবেষ্টনী। চারটি অনুষদের জন্য মাত্র ৩২টি শ্রেণীকক্ষ রয়েছে বলে অফিস সহকারী আবদুল মোমেন জানান। এ ছাড়া উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য পৃথক ক্যাম্পাসে আরও আট-দশটি শ্রেণীকক্ষ আছে। এত কম শ্রেণীকক্ষ থাকায় গাদাগাদি করে পাঠ নিতে হয় শিক্ষার্থীদের। আবার বাণিজ্য ও কলা অনুষদ একসঙ্গে হওয়ায় কলা অনুষদে ক্লাস চলাকালে বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থাকেন।কলেজটিতে ২৫৭ শিক্ষকের মধ্যে ৬১ জনই নেই। বর্তমানে কর্মরত আছেন ১৯৬ জন। এর মধ্যে ১৮ জন অধ্যাপক, ৩৭ জন সহযোগী অধ্যাপক, ৫৪ জন সহকারী অধ্যাপক, ৭৯ জন প্রভাষক ও আটজন প্রদর্শক রয়েছেন।সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামতউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ-শিবিরের মধ্যে সহিংস ঘটনার পর থেকে ক্যাম্পাসে শিক্ষার সুষুম পরিবেশ বজায় রাখার স্বার্থে তিনটি হল বন্ধ করে দেওয়া হয়েছিল। হল খুলে দিলে আবারও সহিংস ঘটনা ঘটবে। ছাত্রদের হল বিলুপ্ত করে ছাত্রীহলে রূপান্তর করার চিন্তাভাবনা চলছে। এ জন্য ক্যাম্পাসে ৩৫ লাখ টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’ অধ্যক্ষ জানান, ছাত্রীদের ২০০ শয্যার চারতলা একটি হল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। একাডেমিক ভবন নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।