শিক্ষার্থী ৪৯৪, মেঝেতে বসে পড়ে ৩৫৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৯৪ জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ রয়েছে মাত্র ৪৫ জোড়া। এতে মাত্র ১৩৫ জন বসতে পারে। বাকি ৩৫৯ জন শিক্ষার্থী মেঝেতে বসে পড়ালেখা করে। শিক্ষার্থীদের মাথার ওপরের টিনের চালাও নড়বড়ে। কখন যে বাতাসে উড়ে যাবে, সেই চিন্তায় শিক্ষার্থীরা থাকে উদ্বিগ্ন।১৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা মেঝেতে বসে পড়ালেখা করছে। শিক্ষকেরা চারদিকে ঘুরে ঘুরে পড়া দেখিয়ে দিচ্ছেন। শিশুদের মুখে হাসি নেই। নিয়ম মানার তাগিদে তারা বাধ্য হয়ে ঠান্ডা মেঝেতে হুমড়ি খেয়ে বই-খাতার দিকে তাকিয়ে আছে। চতুর্থ শ্রেণীর ছাত্রী মাহমুদা আক্তার তামান্না বলে, ‘প্রতিদিন আমাদের চার ঘণ্টা করে মেঝেতে বসে থাকতে হয়। মাসের পর মাস এভাবে বসে থাকতে থাকতে আমাদের অনেকের কোমরে ব্যথা করে। শীতের সময় আরও বেশি কষ্ট হচ্ছে।’ তৃতীয় শ্রেণীর ছাত্র মাজদার হোসেন জানায়, বেঞ্চে বসতে গেলে ঠেলাঠেলি শুরু হয়। পঞ্চম শ্রেণীর ছাত্র তারেক শাহরিয়ার জানায়, মাথার ওপরের টিনের চালার অবস্থাও খারাপ। জোরে বাতাস এলেই নড়েচড়ে ওঠে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন বলেন, ১৯২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সরকারীকরণ হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীও অনেক। কিন্তু প্রয়োজনীয় কক্ষ ও বেঞ্চ নেই। এসব সমস্যার কথা বহুবার লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাই বাধ্য হয়ে বাচ্চাদের কষ্ট দিতে হচ্ছে। বড়াইগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সমস্যার কথা ওপর মহলে জানানো হয়েছে।