ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের ৯০ নম্বর পাড়াপাঁচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৫৫৬ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু তাদের জন্য রয়েছে মাত্র ৫০টি বেঞ্চ। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারটি শিক্ষকের পদও শূন্য রয়েছে। তবে পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের মেঝেতে বসে, বিদ্যালয়ের মাঠে ও গাছতলায় দাঁড়িয়ে পাঠদান নিতে হচ্ছে।
ওই বিদ্যালয় ও স্থানীয় শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮-৮৯ অর্থবছরে সরকারীকরণের পর বিদ্যালয়ে তিন কক্ষের আধাপাকা ভবন নির্মাণ করা হয়। সেই ভবনের অবস্থা এখন জরাজীর্ণ। তবে বিদ্যালয়টি সরকারীকরণের সময় থেকে এখন পর্যন্ত প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিদ্যালয়ে পাঁচজন সহকারী শিক্ষকের পদ থাকলেও সালমা সিদ্দিকা ও তাসলিমা নাসরিন নামে মাত্র দুজন সহকারী শিক্ষক রয়েছেন। তবে সালমা সিদ্দিকা প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। শিক্ষক-সংকট থাকায় মুনিরা আক্তার নামের আরেকজন শিক্ষককে প্রেষণে আনা হয়েছে। প্রায় পাঁচ মাস ধরে তিনজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আশপাশের তিন গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এ কারণে ওই বিদ্যালয়ে ছাত্রসংখ্যা অনেক। বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক্-প্রাথমিক শ্রেণীতে ৮০ জন, প্রথম শ্রেণীতে ১১৪ জন, দ্বিতীয় শ্রেণীতে ৮৫ জন, তৃতীয় শ্রেণীতে ১০৫ জন, চতুর্থ শ্রেণীতে ১০২ জন ও পঞ্চম শ্রেণীতে ৭০ জন শিক্ষার্থীসহ ওই ৫৫৬ জন শিক্ষার্থী রয়েছে। একটি বেঞ্চে চারজনের বেশি বসা সম্ভব নয়। সে হিসেবে বিদ্যালয়ে কমপক্ষে ১৩৯টি বেঞ্চ থাকার প্রয়োজন হলেও আছে মাত্র ৫০টি। আর তাদের পাঠদান করাচ্ছেন মাত্র তিনজন শিক্ষক। বেঞ্চ ও শ্রেণীকক্ষে শিক্ষার্থী সংকুলান না হওয়ায় মেঝেতে বসে ও মাঠে মাদুর বিছিয়ে বই হাতে দাঁড়িয়ে পাঠদান নিতে হয় শিশুদের।
সরেজমিনে দেখা যায়, তৃতীয় শ্রেণীতে ১০৫ জন শিক্ষার্থীকে মাঠে মাদুর বিছিয়ে পাঠদান করাচ্ছেন শিক্ষক মুনিরা। কিন্তু মাত্র পাঁচটি মাদুর থাকায় শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায় তারা দাঁড়িয়ে পাঠ নিচ্ছে। একই অবস্থা শ্রেণীকক্ষের ভেতরেও। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মেঝেতে বসে পাঠ নিচ্ছে।
সহকারী শিক্ষিকা সালমা সিদ্দিকা জানান, বিদ্যালয়ের আশপাশের তিন গ্রামের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। তাই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তবে শিক্ষক, শ্রেণীকক্ষ ও বেঞ্চসংকটে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।
তবে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার খাতুন অবিলম্বে বিদ্যালয়ের নতুন ভবন, শিক্ষক ও বেঞ্চের ব্যবস্থা করার আশ্বাস দেন।