শিক্ষার্থী ৬৫, শিক্ষক ৫৪!
দেশের স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক ও কর্মচারী কম থাকলেও পাবনা সিটি কলেজের চিত্র উল্টো। কলেজটিতে ৭৩ জন শিক্ষক-কর্মচারী থাকলেও শিক্ষার্থী রয়েছে মাত্র ৬৫ জন। অধ্যক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ড, দলীয়করণ, নিয়োগ-বাণিজ্য ও শিক্ষকদের সঙ্গে বিরোধের জের ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল হক ১৯৯৬ সালে তাঁর কয়েকজন বন্ধুর সহযোগিতায় অবৈতনিকভাবে অধ্যক্ষের দায়িত্ব নিয়ে পাবনা সিটি কলেজের কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠাকালে শিক্ষক ছিলেন ১২ জন। প্রথম বছরে উচ্চমাধ্যমিকে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় ৩২ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। পরবর্তী পাঁচ বছরে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি না বাড়লেও ২০০১ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। এরপর থেকেই অধ্যক্ষ পদে নিয়োগের জন্য তদবির শুরু করেন সুজন মাহমুদ। তিনি জোর করে অধ্যক্ষের দায়িত্ব নিতে চাইলে শিক্ষকেরা প্রতিবাদ জানান। ২০০২ সালের ২২ জুন ওই কলেজের শিক্ষক মঞ্জুরুল হক ও নাজিম উদ্দিনকে প্রকাশ্যে মারধর করেন সুজন মাহমুদ।শিক্ষক মঞ্জুরুল হক অভিযোগ করেন, অধ্যক্ষ হওয়ার জন্য সুজন মাহমুদ নিজেই কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। এর প্রতিবাদ করায় সুজন মাহমুদ তাঁকে ও তাঁর এক সহকর্মীকে মারধর করেন।শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এক পত্রে জানা যায়, ২০০৩ সালের ১ ডিসেম্বর দলীয় প্রভাব খাটিয়ে কোনো যোগ্যতা, অভিজ্ঞতা ছাড়াই সুজন মাহমুদ কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুন্নবী ও সহকারী পরিচালক বেনজির আহম্মেদ বিষয়টির তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তারপরও রহস্যজনক কারণে অধ্যক্ষ হিসেবে সুজন মাহমুদের নাম এমপিওভুক্ত করা হয়।কলেজের শিক্ষকেরা আরও অভিযোগ করেন, সুজন মাহমুদ গত কয়েক বছরে ৩৬ জন প্রভাষক, একজন গ্রন্থাগারিক, একজন অফিস সহকারী, দুজন ডেমনস্ট্রেটর, একজন হিসাব সহকারী ও পাঁচজন চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস) নিয়োগ দিয়েছেন। এ প্রসঙ্গে সুজন মাহমুদ বলেন, ‘শুরু থেকেই ওনারা আমাদের সঙ্গে রয়েছেন। তাঁদের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাঁদের বাদ দেওয়ার জন্য পরিচালনা পরিষদকে জানানো হবে।’ কলেজ সূত্রে জানা যায়, বর্তমানে কলেজে ৫৪ জন শিক্ষক এবং ১৯ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন। আর শিক্ষার্থী আছে ৬৫ জন। এর মধ্যে এইচএসসি বিজ্ঞান বিভাগে তিনজন, মানবিকে ২৬, বাণিজ্যে ১১ জন; স্নাতক (পাস) কোর্সে কোনো ছাত্রছাত্রী নেই, বিকমে রয়েছেন তিনজন শিক্ষার্থী; কম্পিউটার, ব্যাংকিং, হিসাববিজ্ঞান ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে মোট শিক্ষার্থী রয়েছেন ২২ জন। শিক্ষক-কর্মচারীর তুলনায় শিক্ষার্থী কম কেন—এ প্রশ্নের উত্তরে সুজন মাহমুদ বলেন, শিক্ষকদের বিরোধের কারণেই ছাত্রছাত্রী কমে যাচ্ছে।অর্থনীতি বিভাগের শিক্ষক শামসুন্নাহার বন্যা অভিযোগ করেন, বর্তমান অধ্যক্ষ নিয়োগ-বাণিজ্য করে কলেজে শুধু শিক্ষক বাড়িয়েছেন, ছাত্রছাত্রী সংগ্রহে কোনো উদ্যোগ নেননি। এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির প্রথম আলোকে বলেন, অধ্যক্ষের সব অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তারা কোনো ব্যবস্থা নেয়নি। অভিযুক্ত অধ্যক্ষ সুজন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হয়, তা আগের শিক্ষকেরা নানাভাবে সবাইকে ভুল বুঝিয়ে এসব করেছিলেন। বর্তমানে কলেজে কোনো সমস্যা নেই। ভালোভাবেই শিক্ষা কার্যক্রম চলছে।’