চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুয়েল নামের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগের একাংশ। গতকাল শনিবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে ছাত্রলীগের ১০-১৫ জন কর্মী তাঁকে পিটিয়ে আহত করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, আহত শিক্ষার্থীকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি সুস্থ হলে কারা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁদের শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে ছাত্রলীগের কেউ বক্তব্য দিতে রাজি হননি।
জন্মদিন পালন করেনি ছাত্রলীগ: দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন পালন করা হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ছিল না। মহাজোট সরকারের অন্যান্য বছর বিশ্ববিদ্যালয়ে বেশ ঘটা করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হলেও এবার ছাত্রলীগ কোনো কর্মসূচিই দেয়নি।
নেতা-কর্মীরা তাঁরা অভিযোগ করেন, বর্তমান সভাপতি ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে না আসায় কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম চালিয়ে যেতে নতুন নেতৃত্বের প্রয়োজন।