শিক্ষার্থীকে মারধর করায় অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় রংপুরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল হক সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, ১৩ জুন একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী কলেজ গ্রন্থাগারের পাশ দিয়ে বারান্দায় যেতে যেতে মুঠোফোনে কথা বলছিল। এই অপরাধে অধ্যক্ষ ওই শিক্ষার্থীকে মারধর করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পক্ষের একদল শিক্ষার্থী ও এলাকাবাসী অধ্যক্ষকে অবরুদ্ধ করেন। এ পরিস্থিতিতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৌখিক নির্দেশে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।এ ঘটনার প্রতিবাদে অধ্যক্ষের পক্ষ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে ১৬ জুন কলেজ চত্বরে সমাবেশ আহ্বান করে। একই সময়ে একই স্থানে কলেজ পরিচালনা পর্ষদের পক্ষে পাল্টা সুধী সমাবেশের আহ্বান করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন ওই দিন কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার বিবদমান দুটি পক্ষ আবার কলেজ চত্বরে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করে। শনিবার রাতে অধ্যক্ষের পক্ষ সমাবেশের কথা মাইকযোগে প্রচারের সময় শহরের মাহিগঞ্জে বিপক্ষের লোকজন বাধা দেয়। এতে আশপাশের এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষই মহড়া দিতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষই সমাবেশ না করতে সম্মত হয়।অধ্যক্ষ রবিউল হক সরকার বলেন, ‘পরিকল্পিতভাবে এ ঘটনার সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া অধ্যক্ষের পদ থেকে আমাকে সাময়িক বরখাস্তের কোনো লিখিত আদেশও পাইনি। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি মেনে নিতে পারেনি বলেই সমাবেশ আহ্বান করেছিল।’কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই অধ্যক্ষ শিক্ষার্থীকে মারধর করেছেন।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, ‘কলেজে দুই পক্ষকেই সভা-সমাবেশ না করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ক্লাসে যেতে পারে, এ জন্য সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।’