শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি সদস্যকে মারধরের ঘটনা তদন্তে গতকাল সোমবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে আহত বিএনসিসি সদস্য রাশেদুল ইসলাম এখনো হাসপাতালে ভর্তি আছেন।
শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে গত রোববার ছাত্রলীগের কয়েকজন কর্মী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির নৌ শাখার ক্যাডেট সদস্য এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তরের ছাত্র রাশেদুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালান। আহত রাশেদকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির পরিচালক ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক তোজাম্মেল হোসেন এবং সহকারী প্রক্টর শামীম হোসেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল সোমবার রাশেদের দুলাভাই মো. জুয়েলের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘রাশেদ এখন আগের চেয়ে কিছুটা ভালো। তবে মাথা ও কোমরে ব্যথা আছে। তাঁর পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি।’