শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বাস আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করে আহত করার প্রতিবাদে গতকাল সোমবার হানিফ পরিবহনের ছয়টি বাস আটক করেন শিক্ষার্থীরা। পরে আহত ওই শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করা হবে বলে লিখিত দেওয়া হলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।আহত ওই শিক্ষার্থীর নাম শহীদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী। ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা জানান, গত রোববার ক্যাম্পাসের প্রধান ফটক থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকায় যাওয়ার সময় নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যাত্রী ওঠানোর প্রতিবাদ করেন শহীদুল। এরপর হেমায়তপুরে তাঁকে বাস থেকে নামিয়ে মারধর করেন ওই বাসের চালক ও সহযোগী। পরে স্থানীয়রা শহীদুলকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। শহীদুলের মাথায় দুটি ও চোখের নিচে একটি সেলাই দেওয়া হয়েছে।এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন শহীদুলের সহপাঠীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার বাসমালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে জানানো হয়, সোমবার বেলা ১১টার মধ্যেই বিষয়টি সমাধানে পদক্ষেপ নেবে মালিকপক্ষ। তবে গতকাল দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা জানতে পারেন, মালিকপক্ষের কেউই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে ছয়টি বাস আটক করেন।