রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত কর্মচারীর বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।
কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। দাবিগুলো হচ্ছে অবিলম্বে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা এবং বাসে বহিরাগত ব্যক্তিদের যাতায়াত নিষিদ্ধ করা।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দীপু কুমারের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী সাদ্দাম হোসেন, ওমর ফারুক সরকার, লিটন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলার সাহস একজন সামান্য কর্মচারী কীভাবে পান? তাঁর পেছনে কারা আছে? আর এই বিষয় নিয়ে যখন প্রক্টরের কাছে গিয়েও কোনো বিচার না পাওয়া যায়, তখন আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।’ কর্মসূচিতে বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পূর্ববিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুই শিক্ষার্থীকে মারধর করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মচারী মো. সুমনুজ্জামান ওরফে সুমন।