শিক্ষার্থীকে রামদার কোপ, গণপিটুনিতে চোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলে চুরি করতে গিয়ে শিক্ষার্থীদের গণধোলাইয়ে মারা গেছেন মো. বাচা মিয়া (৩০) নামের এক চোর। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ শাহ হলে এ ঘটনা ঘটে।
নিহত বাচা মিয়া রাউজানের পাহাড়তলী খানপাড়ার খায়ের আহম্মেদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোররাতে হলের ২২১ নম্বর কক্ষ থেকে একটি মুঠোফোন সেট চুরি করে পালিয়ে যাওয়ার সময় হলের শিক্ষার্থীরা বাচা মিয়াকে ধাওয়া করতে থাকেন। এ সময় বাচা মিয়া তাঁর হাতে থাকা রামদা দিয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার কবিরের হাতে কোপ দেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে গণধোলাই দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ গুরুতর আহত অবস্থায় বাচা মিয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষার্থী শাহরিয়ারকে চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে বাসায় পাঠানো হয়।
হাটহাজারী সার্কেলের এএসপি নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, বাচা মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্তত তিনটি মামলা রয়েছে।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন, বাচা মিয়া দীর্ঘদিন ধরে চুরিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শিক্ষার্থীদের অভিযোগ, নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাচা মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।