শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ, প্রতিবাদে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের এক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ছাত্রীরা হলে বিক্ষোভ করে আবাসিক শিক্ষকদের কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন।
হলের গণরুমের (বড় কক্ষ, যেখানে মেঝেতে বিছানা করে বিপুলসংখ্যক শিক্ষার্থী থাকেন) বেশ কয়েকজন আবাসিক ছাত্রী জানান, হলে আসনসংকট রয়েছে। ফলে হলে ওঠার পরই সবার জন্য আসন বরাদ্দ হয় না। তাই ছাত্রীদের প্রথমে গেস্ট কার্ড নিয়ে গণরুমে থাকতে হয়। বর্তমানে ১২০ জন ছাত্রী গণরুমে আছেন। যাঁদের ১৪-১৫ জনের গেস্ট কার্ড নেই। প্রায় এক বছর আগে গেস্ট কার্ডের জন্য আবেদন করলেও এখনো তাঁরা তা পাননি। এ ব্যাপারে ছাত্রীরা হল প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন।
গণরুমে থাকা পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কিসমত জাহানের গেস্ট কার্ড নেই। সোমবার দুপুরে তাঁকে হল ত্যাগের নির্দেশ দেন প্রাধ্যক্ষ।
এ ঘটনায় সাধারণ ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল সকাল ১০টার দিকে আবেদনকারীদের কার্ড সরবরাহ এবং আবাসনসংক্রান্ত ‘হয়রানি’ দূর করার দাবিতে শিক্ষার্থীরা আবাসিক শিক্ষকদের কক্ষের সামনে জড়ো হন। এ সময় শিক্ষকেরা তাঁদের সঙ্গে কথা না বলে কক্ষের দরজা বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আবাসিক শিক্ষকদের কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ সাবরিনা নাজ বলেন, ছাত্রীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে।