শিক্ষার্থীকে হাতুড়িপেটা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও হাতুড়িপেটা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের কয়েকজন আবাসিক ছাত্র। পূর্ববিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, গতকাল বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমির হামজা রিয়াদকে বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের ২০-২৫ ছাত্র মিলে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের একজন হাতুড়ি দিয়ে আমিরের মাথায় আঘাত করেন। আমিরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র বিদ্যুৎ সরকার সনি নিজেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে একই বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ ঘটনায় গত ২১ জুন বিকেলে বিদ্যুৎকে আমির নিজ হল আলবিরুনিতে নিয়ে থাপড় দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল আমিরকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী।