চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন সহপাঠীরা। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ কর্মসূচি হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মেদ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় মৌন মিছিল বের করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলা অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়।
গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করতে গিয়ে ওই বিভাগের কতিপয় শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন এনটিভি রিয়েলিটি শো ‘হা-শো’র সেরা দশের অন্যতম ইয়াকুব রাসেল। তিনি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ব্যাপারে প্রতিকার চেয়ে প্রক্টরের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ইয়াকুব।
হেলাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘শিক্ষার্থীরা অনুমতি না নিয়ে কর্মসূচি পালন করায় বাধা দেওয়া হয়েছে। আর ইয়াকুবকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’