শিক্ষার্থীকে ‘যৌন নিপীড়ন’ মাদ্রাসার অধ্যক্ষ আটক
নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকার মাদ্রাসার এক ছাত্রকে ‘যৌন নিপীড়ন’-এর অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রকেও হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে। আটক অধ্যক্ষের নাম উসমান গনি। পুলিশ সূত্র জানায়, নগরের খাজা রোডের বাদামতল এলাকায় ওয়াসিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীকে (১২) যৌন নিপীড়নের বিষয়টি স্থানীয়রা আজ (শনিবার) জানতে পেরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। চান্দগাঁও থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘রমজানের এক সপ্তাহ আগে এবং তারও এক মাস আগে মোট দুবার ওই ছাত্রকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রটি মাদ্রাসার অন্য শিক্ষক মো. আলমগীরকে ঘটনাটি জানায়। ওই শিক্ষক মাদ্রাসা কমিটিকে ঘটনা জানালেও এত দিন পুলিশে কেউ অভিযোগ করেনি। স্থানীয়দের বিক্ষোভের কথা শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষকে আটক করেছি।’ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়েছে। ওই ছাত্রকে আমরা থানায় নিয়ে এসেছি। কাল (রোববার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেস্ট করা হবে।’