শিক্ষার্থীদের অনলাইনে অধ্যয়ন সম্পর্কে জানাচ্ছে মেইসেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে কোভিড-১৯ মহামারির সঙ্গে লড়াই করছে পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে অধিকাংশ দেশেই চলছে লকডাউন। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ১৩০টি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু দৈনন্দিন জীবনযাপন বাধাগ্রস্ত হলেও শিক্ষার্থীরা বসে নেই। সরাসরি না পারলেও বাড়িতে থেকেই তাঁরা ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

চলতি বছর বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীর পড়তে যাওয়ার কথা ছিল, চলাচল সীমাবদ্ধতার কারণে তাঁদের অনেকেই শিক্ষাবর্ষে যোগদান করতে পারেননি। এমন শিক্ষার্থীদের জন্য বেশির ভাগ প্রতিষ্ঠান এখন অনলাইনে ‘ডিসট্যান্ট লার্নিং’-এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে শুরু করেছে। এতে গতানুগতিক ধারায় শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠদান কিংবা পাঠ গ্রহণ করতে হয় না।

শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুষদের দিকনির্দেশনা অনুযায়ী অনলাইনে অধ্যয়নের পদ্ধতি সম্পর্কে জানাচ্ছে মেইসেস। ওয়েবিনারের মাধ্যমে অনলাইনে ক্লাস কীভাবে কার্যকর হয়, কীভাবে ভর্তি নিবন্ধন করতে হয়, কীভাবে মানিয়ে নিতে হয় ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হচ্ছে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদেশে শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেস। ছয়টি দেশের দুই শতাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে মেইসেস।

গত ২০ এপ্রিল থেকে অনলাইনে জাপানের টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিজনেস ইকোনমিকসের ক্লাস করছেন বাংলাদেশি শিক্ষার্থী মাহফুজ হোসেন আরিয়ান। টোকিওর আরেক বিশ্ববিদ্যালয়ে বিবিএর ক্লাস করছেন লাবীবা চৌধুরী। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে নিজ বিশ্ববিদ্যালয়ে যেতে না পারলেও মেইসেসের সহযোগিতায় অনলাইনে পুরোদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

অনলাইনে শিক্ষাদান প্রসঙ্গে জানতে চাইলে মেইসেসের প্রতিষ্ঠাতা পরিচালক রোহাম মঞ্জুর বলেন, অনলাইন ব্রিফিং ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনে অধ্যয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে একটি ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা তাঁদের কাছে থেকে অনলাইনে ক্লাস করার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন।

যদিও অনলাইনে ডিসট্যান্ট লার্নিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেমন সময়ের পার্থক্য এবং ইন্টারনেট সংযোগের সমস্যা। তবু শিক্ষার্থীদের নতুন ভাষা ও পাঠ্যক্রম শিখতে এবং এর সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করছে মেইসেস।

চলতি বছরের এপ্রিল সেশনে মেইসেসের মাধ্যমে প্রায় ৫০ জন বাংলাদেশি শিক্ষার্থীর জাপানের ইংরেজি মাধ্যম বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়ার কথা ছিল। এর মধ্যে কিছু শিক্ষার্থী সেশন শুরুর আগেই সেখানে চলে যান। তবে তাঁরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি বর্তমান পরিস্থিতির কারণে। আর যাঁরা জাপানে যেতে পারেননি, তাঁরা যাতে অনলাইন ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতে পারেন, সে জন্যই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে মেইসেস। অন্যদিকে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীদের সামার সেশন শুরু হয়েছে মে মাস থেকে। তাঁদের জন্যও এ মাস থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।