সাইবার বুলিং প্রতিরোধ দিবস আজ
শিক্ষার্থীদের অনলাইনে বিপদে পড়ার আশঙ্কাটাও বাড়ছে
আজ শুক্রবার সাইবার বুলিং প্রতিরোধ দিবস। জুন মাসের তৃতীয় শুক্রবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বাংলাদেশে এর আগে সেভাবে পালন করা না হলেও এবার বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান দিবসটি পালন করছে। ‘স্টপ সাইবার বুলিং ডে’ ওয়েবসাইটের তথ্যমতে, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৬০ শতাংশ অনলাইন বুলিং বা হয়রানির শিকার হয়। বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর মাত্রা। কীভাবে অনলাইনে হয়রানি থেকে শিক্ষার্থীসহ সবাই সচেতন হতে পারে, সে বিষয়ে কথা বলেছেন এই বিশিষ্টজন।
সাইবার বুলিংয়ের বিষয়টি আমাদের ভাবাচ্ছে। আমরা এ নিয়ে উদ্বিগ্ন। করোনার সংক্রমণের পর থেকে গত দেড় বছরে সাইবার বুলিং বাড়ছে বলেই ধারণা করছি। আমাদের কাছে তথ্য নেই, তবে এখন শিক্ষার্থীরা পড়াশোনার জন্যই বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ফলে শিক্ষার্থীদের অনলাইনে বিপদে পড়ার আশঙ্কাটাও বাড়ছে। আমরা ইউনিসেফের সহায়তায় শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে করণীয়, শিক্ষার্থীরা বিপদে পড়লে করণীয়—এসব নিয়ে ছোট ছোট ভিডিও তৈরির কাজ করছি। এই ভিডিওগুলো করোনার সময়ে অনলাইন ক্লাসে ও করোনার পরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দেখানো হবে। সাইবার বুলিংয়ের ভয়াবহতা যেভাবে বাড়ছে, শুধু পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করলেই সমাধান হবে না। পাঠ্যপুস্তকে বিস্তারিত বলাও সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের অন্যান্য মাধ্যমেও সচেতন করতে হবে।
আমি শিক্ষার্থীদের বলব, পড়াশোনা এবং বিভিন্ন বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করবে। তবে যথেচ্ছভাবে এর ব্যবহার করলে অভিভাবকেরা যেন তোমাদের বিরত করেন। তাই নিরাপদ ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আর শিক্ষার্থীদের কেউ যদি বিপদে পড়েই যাও, তাহলে কখনোই গোপন করবে না। অভিভাবক, শিক্ষক বা বড় কাউকে অবশ্যই ঘটনার কথা জানাতে হবে। গোপন রাখলে সমস্যার সমাধান করা যাবে না, সমস্যা বাড়তেই থাকবে।