টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল সোমবার ছয়জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকৌশল ডিগ্রি পাওয়ার দাবিতে শুরু করা অনশনে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ার পর অনশনস্থলেই তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে।গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক, টাঙ্গাইল পৌরসভার মেয়র সাহিদুর রহমান খান তাঁদের অনশন ভঙ্গের অনুরোধ করলে শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়ে দেন। গতকাল সোমবার খন্দকার মনিরুজ্জামান, আতিকুর রহমান, সোহেল রানা, আসাদুজ্জামান আসাদ, মনিরা খন্দকার ও তাহমিনা নাসরিন নামের ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন আবদুল বাছিত গতকাল অনশনকারীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।শিক্ষার্থীরা জানান, তাঁরা প্রকৌশল ডিগ্রির দাবিতে গত বছরের ১২ জুলাই থেকে ক্লাস বর্জনের মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন। ২১ সেপ্টেম্বর এই দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি চলাকালে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এ ছাড়া ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গত ৮ জানুয়ারি এই বিভাগের ক্লাসসমূহ খুলে দেওয়া হয় এবং নয়জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে পরে আরও আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ৮ জানুয়ারি ক্লাস খুলে দিলেও শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রাখেন। প্রক্টর মুহাম্মদ উমর ফারুক জানান, এ বিষয়ে গত ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ও খাদ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এই বিভাগে প্রকৌশল ডিগ্রি দেওয়ার কোনো সুযোগ নেই।