জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ সংকট নিরসনে নতুন কলাভবনে বিভাগ স্থানান্তর, সেমিনার, গ্রন্থাগার ও গবেষণাগার নির্মাণ, বিভাগের নিজস্ব জাদুঘর স্থাপন, বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবিতে পৃথক মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা গতকাল শনিবার প্রশাসনিক ভবনের সামনে এসব কর্মসূচি পালন করেন। এ সময় দাবি আদায়ে ভবনটিতে তালা ঝুলিয়ে দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। নতুন কলাভবনের সামনে থেকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মিছিল বের করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসনিক ভবনের মূল ফটকে এসে অবস্থান নেন। বেলা ১১টার দিকে প্রত্নতত্ত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা পৃথক মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের বাকি দুটি ফটকে অবস্থান নেন। উদ্ভূত পরিস্থিতিতে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের বৈঠক বসে। দুপুরে সভাকক্ষ থেকে বেরিয়ে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের আগামী নয় মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রাখেন। আলোচনা শেষে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মোজামেঞ্চল হক নতুন কলাভবনে প্রত্নতত্ত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ স্থানান্তর করা হবে বলে আশ্বাস দেন। তখন এ দুটি বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহর করে নেন।ডিন কামরুল আহছান বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত এ সমস্যা সমিঞ্চলিতভাবেই সমাধান করতে হবে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা কাল (আজ) রোববার থেকে নতুন কলাভবনেই ক্লাস শুরু করবেন। তা ছাড়া শিগগিরই ভবনটির চতুর্থ তলার নির্মাণকাজ শুরু হবে।