শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবারও অবস্থান ধর্মঘট পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায়ে আজ বুধবারও একই কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হল উদ্ধার সংগ্রাম পরিষদ। কর্মসূচি চলে বেলা ১১টা পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢুকতে পারেননি।
কর্মসূচি শেষে হল উদ্ধার সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দাবি আদায়ে আজ বুধবারও শান্তিপূর্ণ আন্দোলন করবে সংগ্রাম পরিষদ।