
২৫০ শয্যার হাসপাতাল চালুসহ চার দফা দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন। গতকাল সোমবার সকালে তাঁরা ক্লাস ও অ্যানাটমি কার্ড পরীক্ষা বর্জন করে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। পরে কলেজ ক্যাম্পাসে তাঁরা অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেবেন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান, মিজানুর রহমান, মিনাক কুমার বিশ্বাস, সব্যসাচী বিশ্বাস ও তৃতীয় বর্ষের ছাত্র আহসান হাবিব।
বক্তারা এ সময় ২৫০ শয্যার হাসপাতাল চালু, যাতায়াতের নিজস্ব ব্যবস্থা, শিক্ষক সংকট নিরসন ও দক্ষ ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি এক সপ্তাহের মধ্যে না মানা হলে আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
গত রোববার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রশাসনিক দপ্তর সূত্রে জানা গেছে, ২৭ বিভাগের মধ্যে মাত্র অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন, প্যাথলজি ও ফরেনসিক মেডিসিন বিষয়ের ক্লাস নেওয়া হচ্ছে। তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে শুধু সার্জারি, গাইনি ও মেডিসিনের ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে। অন্যান্য বিষয়ের কোনো ব্যবহারিক ক্লাস নেওয়ার ব্যবস্থা করা যায়নি। বর্তমানে ৫৬ জন শিক্ষকের পদ থাকলেও রয়েছে মাত্র ২৪ জন শিক্ষক।
এ ছাড়া এ কলেজে পরিবহন ব্যবস্থার অভাব আছে। অন্যদিকে ২০১৩ সালে ২৫০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি।