শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরামতের অজুহাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলে গতকাল বৃহস্পতিবারও শিক্ষার্থীদের ঢুকতে দেয়নি প্রশাসন। এ কারণে ওই হলের শিক্ষার্থীরা গতকালও অবস্থান কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সময় ঈশা খাঁ হল পরিত্যক্ত ঘোষণা করা হয়। হলের আবাসিক ছাত্রদের বিভিন্ন হলে ওঠার আদেশ দিয়ে চিঠি পাঠানো হয়। গত বুধবার হল খোলা হলে ঈশা খাঁ হলের ছাত্ররা হলে উঠতে চাইলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের উঠতে বাধা দেয়। পরে ওই দিন বেলা দুইটা থেকে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের করিম ভবনের সামনে বসে হলে ওঠার জন্য স্লোগান দিতে থাকেন এবং অবস্থান কর্মসূচি শুরু করেন। রাতেও তাঁরা সেখানে অবস্থান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট বন্ধ করে অন্যান্য হলে উঠতে বললে শিক্ষার্থীরা তা না মেনে গতকালও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। শিক্ষার্থীরা জানান, তাঁরা ঈশা খাঁ হল ছাড়া অন্য হলে উঠবেন না। শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে প্রক্টর অধ্যাপক শহীদুর রহমান খান বলেন, তাঁরা একপর্যায়ে এমনিতেই আন্দোলন বন্ধ করবেন।