শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের বৃহত্তর সুযোগ সৃষ্টি করতে চায়। পুরো বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীরা যাতে আরও বেশি পরিমাণে জ্ঞানার্জন করতে পারে।
‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতায় ২০১৫ ও ২০১৬ সালের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গত রোববার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশুরা এক জায়গায় বসে পুরো বিশ্ব দেখার সুযোগ পাচ্ছে। আরও বেশি করে জ্ঞানার্জনের মাধ্যমে মনটাকে যাতে তারা বড় করতে পারে এবং ভালো একটি সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, এ জন্য আমরা তাদের আরও বেশি সুযোগ দিতে চাই।’ শিক্ষা ছাড়া সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে চাই এবং কেবল পুরো জাতি শিক্ষিত হলেই আমরা সেটা করতে পারব।’
দুর্গম অঞ্চলসহ দেশের প্রতিটি কোণে শিক্ষা বিস্তারের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা দুর্গম পাহাড়ি অঞ্চল ও দ্বীপগুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দেব। এটা আমাদের লক্ষ্য।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব উপজেলায় সরকারি কোনো স্কুল কলেজ নেই, আমরা সেগুলোর তালিকা প্রস্তুত করছি। আমরা প্রথমে ওই এলাকাগুলোতে স্কুল ও কলেজ নির্মাণ করব।’ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালে তাঁর সরকার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা চালু করে। এ প্রতিযোগিতার মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সেরা প্রতিভাবানকে নির্বাচন করা হয়।