
দুই আঙুল দিয়ে ‘ভি চিহ্ন’দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে ছাত্রীরা। কিছুক্ষণ পরপর তাদের হর্ষধ্বনি শোনা যাচ্ছে। অভিভাবকেরা একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন। বিদ্যালয়ের আঙিনায় গোল হয়ে বসে শতাধিক ছাত্রী আনন্দ-বার্তা ছড়িয়ে দিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল ঘোষণার পর এমন আনন্দঘন দৃশ্য চোখে পড়ে নগরের জিন্দাবাজার এলাকায় অবস্থিত সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে। এ বিদ্যালয় থেকে ২৭৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ২৬৬ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৯ শতাংশ।
বিদ্যালয়ের আঙিনায় সহপাঠীদের সঙ্গে হই-হুল্লোড় করছিল বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া ছাত্রী অর্পিতা রায় ও মারিয়া জাহান মুমু। তারা জানায়, তাদের ইচ্ছা চিকিৎসক হওয়ার। সে অনুযায়ী তারা এখন থেকেই প্রস্তুতি নেবে। তাই তাদের পরের লক্ষ্য হচ্ছে একই রকমের ফল উচ্চমাধ্যমিকেও ধরে রাখা।
মানবিকে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী সুবর্ণা চক্রবর্তী জানায়, সে বড় হয়ে একজন ভালো আইনজীবী হতে চায়। বিদ্যালয়ের আঙিনার যে স্থানটিতে শিক্ষার্থীরা ‘ভি চিহ্ন’ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিল, এর ঠিক ১০ গজের মধ্যেই এক ছাত্রী বারবার মূর্ছা যাচ্ছিল। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে অল্প পয়েন্টের জন্য জিপিএ-৫ না-পাওয়া ওই ছাত্রীটির নাম শম্পা রায়। তাকে ধরে সান্ত্বনা দিচ্ছিল তারই কয়েকজন সহপাঠী এবং তাদের অভিভাবকেরা।
শম্পার এক সহপাঠীর মা বলেন, শম্পা অনেক মেধাবী। কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় সে বারবার মূর্ছা যাচ্ছে। অথচ তার চেয়েও কম মেধাবী অনেকেই জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ প্রথম আলোকে বলেন, ‘সার্বিক ফলাফলে আমি সন্তুষ্ট। ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় বরাবরের মতো এবারও ভালো ফল হয়েছে। ভবিষ্যতেও আমরা এই ফল ধরে রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেব।’
এসএসসি পরীক্ষায় এবার সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বেলা পৌনে তিনটার দিকে নগরের কালীঘাট এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্ত ২০-২৫ জন ছাত্র বিদ্যালয়ের আঙিনায় ঘোরাঘুরি করছে। এদেরই দুজন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী স্নিগ্ধ প্রীতম তালুকদার ও অর্ণব দাস। উচ্চমাধ্যমিকেও একই ফল ধরে রাখাটাই আপাতত তাদের স্বপ্ন ও লক্ষ্য বলে জানিয়েছে।
সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে অরিজিৎ দত্ত। সে জানায়, সে ভবিষ্যতে একজন মহাকাশ বিজ্ঞানী হতে চায়। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার কাকাতো বোন অরুন্ধতী দত্তও জিপিএ-৫ পেয়েছে বলে সে জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ জানান, তাঁর বিদ্যালয়ে ২৩৬ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৭ জন। গত বছরও তাঁদের শতভাগ ছাত্র পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছিল ১২৮ জন ছাত্র। আগামী বছরগুলোতে এই ফলের ধারা অব্যাহত রাখতে সব শিক্ষক নিষ্ঠার সঙ্গে পাঠদান করবেন।